পর্যটকবাহী ট্রলারে ডাকাতি, ৪০ লাখ টাকার মালামাল লুট
জাতীয় অর্থনীতি

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের মিঠামইন থেকে ফেরার পথে পর্যটকবাহী একটি ট্রলারে ডাকাতির ঘটনা ঘটেছে। রোববার (৭ জুন) রাতে জেলার মিঠামইন ও করিমগঞ্জ উপজেলার সীমান্তবর্তী হাসানপুর ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লিয়াকত আলী খবরটি নিশ্চিত করেছেন।

এ সময় ডাকাত দল ট্রলারে থাকা পর্যটকদের মারধর করে মোবাইল, নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ৪০ লাখ টাকার মালামাল লুট করে নেয়।

স্থানীয় বরাত দিয়ে জানান, দেশের বিভিন্ন স্থান থেকে আসা অন্তত ৪০ জন পর্যটক হাওরাঞ্চল ঘুরে রাতে ট্রলারে করে করিমগঞ্জের বালিখোলা ঘাটের উদ্দেশে রওনা দেন। পথে আকস্মিক ঝড়ের কারণে ট্রলারটি কিছু সময় আটকে থাকে। পরে ঝড় থামলে ট্রলারটি হাসানপুর ব্রিজ এলাকায় পৌঁছামাত্র দেশীয় অস্ত্রে সজ্জিত একটি ডাকাত দল ট্রলারে উঠে যাত্রীদের জিম্মি ও মারধর করে সব লুটে নেয়। ঘটনার পর বালিখলা ঘাটে এসে টুরিস্ট পুলিশের কাছে অভিযোগ জানালেও তাৎক্ষণিক কোনো সহায়তা পাননি বলে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগীরা।

মিঠামইন নৌ-পুলিশের উপপরিদর্শক (এসআই) বিদ্যুৎ সমাদ্দার বলেন, "এই ঘটনাটি আমরাও শুনেছি। বিস্তারিত খোঁজ নিয়ে তদন্ত করা হবে।"

মিঠামইন থানার ওসি মো. লিয়াকত আলী বলেন, "এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি, তবে খবরটি পেয়েছি। ঘটনাটি খতিয়ে দেখতে নৌ ও টুরিস্ট পুলিশ কাজ করছে। আমাদের পক্ষ থেকেও ছায়া তদন্ত চালানো হচ্ছে।"

—জা. অর্থনীতি/এলএটি