বুবলীর ‘সুখবরের’ মাঝেই অপুর রহস্যময় পোস্ট
ছবি সংগৃহীত

বিনোদন ডেস্ক: শবনম বুবলীর দ্বিতীয়বার মা হওয়ার খবর ঘিরে যখন শোবিজ অঙ্গন ও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে, ঠিক তখনই সামাজিক মাধ্যমে নতুন লুকে হাজির হয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন চিত্রনায়িকা অপু বিশ্বাস। শনিবার (৬ জুন) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে বেগুনি রঙের শাড়ি ও মানানসই গহনা পরা কয়েকটি ছবি শেয়ার করেন অপু বিশ্বাস।

বেগুনি শাড়িতে তার নতুন ছবি ও রহস্যময় ক্যাপশন প্রকাশের পর ভক্ত-অনুরাগীদের মন্তব্যে জমে উঠেছে ফেসবুক। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, “সৌন্দর্যই মূলত ব্যক্তিত্বের পরিচয় দেয়। এমন এক আভিজাত্য ধারণ করেছি, যেটা কোনো শব্দ না বলেও অনেক কিছু বলে দেয়।” এই সংক্ষিপ্ত বার্তাই নেটিজেনদের মধ্যে নানা ব্যাখ্যা ও আলোচনার জন্ম দিয়েছে।

পোস্টটি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে শুরু হয়েছে আলোচনা-সমালোচনার ঝড়। অনেকেই অপুর সৌন্দর্য ও মানসিক দৃঢ়তার প্রশংসা করে তাকে শক্ত থাকার পরামর্শ দিয়েছেন। তবে এর মাঝেই অনেকে টেনে এনেছেন বুবলীর প্রসঙ্গ। কেউ কেউ অপুর এই হাসিমুখের আড়ালে লুকিয়ে থাকা কষ্টের কথা উল্লেখ করেছেন, আবার কেউ সরাসরি বুবলীর সঙ্গে তুলনা করে মন্তব্য করেছেন।

প্রসঙ্গত, গত শুক্রবার (৫ জুন) শবনম বুবলী সামাজিক মাধ্যমে দাবি করেন, শাকিব খানের সঙ্গে তার সংসারে একটি কন্যাসন্তানের জন্ম হয়েছে। যদিও এ বিষয়ে শাকিব খানের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে খবরটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক জল্পনা চলছে।

যদিও অপু বিশ্বাস তার পোস্টে সরাসরি কারও নাম উল্লেখ করেননি, তবুও নেটিজেনদের একাংশ এই রহস্যময় ক্যাপশন ও ছবিকে চলমান আলোচিত ঘটনার সঙ্গেই মিলিয়ে দেখছেন। সব মিলিয়ে, বুবলীর ব্যক্তিগত জীবনের নতুন খবরের মাঝেই অপু বিশ্বাসের এই নতুন লুক ও বার্তা সামাজিক মাধ্যমে আলোচনার নতুন খোরাক জুগিয়েছে।

—জা. অর্থনীতি/এলএটি