মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের ইসলাছড়া পুঞ্জির বাসিন্দা বিলিভ সুচিয়াংয়ের দুটি কিডনিই বিকল হয়ে গেছে। বর্তমানে তিনি ভারতে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসকরা জরুরি ভিত্তিতে তার কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। ছেলের জীবন বাঁচাতে মা নিজের একটি কিডনি দিতে রাজি হলেও, অস্ত্রোপচার ও চিকিৎসার জন্য প্রয়োজনীয় ৩০ থেকে ৩৫ লাখ টাকা জোগাড় করতে পারছে না এই নিঃস্ব পরিবার।
পরিবার সূত্রে জানা যায়, বিলিভ সুচিয়াং তার মায়ের একমাত্র সন্তান। গুরুতর কিডনি রোগে আক্রান্ত হয়ে বর্তমানে ভারতের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। চিকিৎসকদের মতে, দ্রুত কিডনি প্রতিস্থাপন করা না গেলে তার জীবন বাঁচানো কঠিন হয়ে পড়বে।
সন্তানকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে মা নিজের কিডনি দান করতে সম্মতি দিয়েছেন। কিন্তু কিডনি প্রতিস্থাপন, অস্ত্রোপচার, হাসপাতালের খরচ ও পরবর্তী চিকিৎসার জন্য প্রায় ৩০ থেকে ৩৫ লাখ টাকা প্রয়োজন। দীর্ঘদিন ধরে তার চিকিৎসা চালাতে গিয়ে পরিবারটি ইতিমধ্যেই সর্বস্বান্ত হয়ে পড়েছে।
বিলিভ সুচিয়াংয়ের পরিবার সমাজের বিত্তবান, প্রবাসী ও মানবিক সংগঠনগুলোর কাছে সাহায্যের আকুল আবেদন জানিয়েছে। তাদের বিশ্বাস, দেশের মানুষের সহানুভূতি ও সহযোগিতা পেলে মায়ের দেওয়া কিডনি নিয়েই নতুন জীবন ফিরে পাবেন বিলিভ।
পরিবারের সদস্যরা জানান, প্রয়োজনীয় অর্থ সংগ্রহ করা গেলে দ্রুত সময়ের মধ্যে কিডনি প্রতিস্থাপনের প্রক্রিয়া শুরু করা সম্ভব হবে। বিলিভের চিকিৎসার জন্য তারা সবার কাছে দোয়া ও আর্থিক সহযোগিতা কামনা করেছেন।
—জা. অর্থনীতি/এলএটি