উত্তরাঞ্চলের মিনি কক্সবাজারে মানুষের ঢল
ছবি: জাতীয় অর্থনীতি

গাইবান্ধা প্রতিনিধি: পবিত্র ঈদুল আজহার আনন্দ উপভোগ করতে গাইবান্ধার একমাত্র বিনোদনকেন্দ্রে ফুলছড়িঘাটের বেড়িবাঁধে বিনোদনপ্রেমীদের ঢল নেমেছে।

গাইবান্ধা জেলায় তেমন কোনো বিনোদনকেন্দ্র না থাকায় পবিত্র ঈদুল আজহার দিন থেকে প্রতিদিন ব্রহ্মপুত্র নদের ফুলছড়িঘাটের বেড়িবাঁধে আনন্দঘন পরিবেশে হাজারো মানুষের ঢলে মুখরিত হচ্ছে।

ফুলছড়িঘাটের বেড়িবাঁধে দেখা গেছে, গাইবান্ধা জেলার পাশাপাশি বগুড়াসহ বিভিন্ন জেলা থেকে হাজারো মানুষের সমাগম। সেখানে বসেছে হরেক রকমের পণ্যের মেলা।

ব্রহ্মপুত্র নদের পাড়ে পবিত্র ঈদুল আজহার আনন্দ উপভোগ করতে শিশু, কিশোর-কিশোরী, নারী-পুরুষ ও পরিবার-পরিজন নিয়ে হেঁটে বেড়াচ্ছে।

কেউ কেউ নৌকা, লঞ্চ, ডিঙ্গি নৌকায় নদীর মাঝখানে দাঁড়িয়ে প্রেমিক-প্রেমিকা, বন্ধু-বান্ধব ও পরিবার-পরিজনদের সঙ্গে ছবি ও সেলফি তুলতে ব্যস্ত সময় পার করছেন। অনেকে নদীর চরগুলোতে ঘুরছেন।

ঈদে প্রিয়জনদের সাথে খানিকটা বিনোদন ও ভালো লাগার মুহূর্ত পেতে হাজারও মানুষের ঢল নেমেছে এই বেড়িবাঁধে। অনেকেই ফুলছড়িঘাট ও ব্রহ্মপুত্র নদকে একনজর দেখতে বিভিন্ন জায়গা থেকে এসেছেন।

উত্তরের মিনি কক্সবাজার খ্যাত এই বেড়িবাঁধের বালাসী ঘাটটিকে সরকারি পৃষ্ঠপোষকতার মাধ্যমে বিনোদনের উপযোগী করার দাবি স্থানীয়দের। 

—জা. অর্থনীতি/এনজে