শরীরে এই সংক্রমণগুলো আছে? তাহলে আক্রান্ত হতে পারেন ক্যান্সারে

অনলাইন ডেস্ক: ক্যান্সার মানেই শুধু তামাক, অ্যালকোহল কিংবা অনিয়ন্ত্রিত জীবনযাপন নয়। শরীরে দীর্ঘদিন ধরে বাসা বাঁধা কিছু ভাইরাস ও ব্যাকটেরিয়াও ডেকে আনতে পারে প্রাণঘাতী এই রোগ। সম্প্রতি ‘দ্য ল্যানসেট অনকোলজি’ জার্নালে প্রকাশিত এক গবেষণায় উঠে এসেছে, ভারতে প্রতিবছর প্রায় ১ লাখ ৯০ হাজার নতুন ক্যান্সার আক্রান্তের সঙ্গে বিভিন্ন সংক্রমণের সরাসরি যোগসূত্র রয়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) আন্তর্জাতিক ক্যান্সার গবেষণা সংস্থার (আইএআরসি) গবেষকদের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে ভারতে ১৫ লাখ ৬২ হাজারের বেশি নতুন ক্যান্সার রোগী শনাক্ত হন। তাদের মধ্যে ১২ শতাংশেরও বেশি সংক্রমণজনিত কারণে আক্রান্ত হয়েছেন। বিশ্বজুড়ে প্রতিবছর প্রায় ২৩ লাখ ক্যান্সার রোগীর সঙ্গে এ ধরনের সংক্রমণের সম্পর্ক রয়েছে।

গবেষণায় দেখা গেছে, ভারতে সংক্রমণজনিত ক্যান্সারের সবচেয়ে বড় কারণ হিউম্যান প্যাপিলোমাভাইরাস (এইচপিভি)। এই ভাইরাসের কারণে এক লাখেরও বেশি মানুষ ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। বিশেষ করে নারীদের জরায়ুমুখের ক্যান্সারের অন্যতম প্রধান কারণ এটি।

এরপর রয়েছে হেলিকোব্যাক্টার পাইলোরি নামের ব্যাকটেরিয়া। পাকস্থলীতে সংক্রমণ সৃষ্টিকারী এই জীবাণুর সঙ্গে প্রায় ৪৭ হাজার ক্যান্সারের যোগসূত্র পাওয়া গেছে। এ ছাড়া হেপাটাইটিস বি ও সি ভাইরাসের কারণে যথাক্রমে প্রায় ১০ হাজার ও ৫ হাজার ৩০০টি নতুন লিভার ক্যান্সারের ঘটনা ঘটেছে। এপস্টাইন-বার ভাইরাসের সঙ্গে প্রায় ২২ হাজার ক্যান্সারের সম্পর্ক রয়েছে।

বিশেষজ্ঞদের মতে, সময়মতো টিকা, নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা এবং প্রয়োজনীয় চিকিৎসার মাধ্যমে এসব সংক্রমণজনিত ক্যান্সারের ঝুঁকি কমানো সম্ভব। বিশেষ করে মেয়েদের অল্প বয়সে এইচপিভি এবং নবজাতকদের হেপাটাইটিস বি টিকা দেওয়া গুরুত্বপূর্ণ। দীর্ঘস্থায়ী পেটের সমস্যা বা সংক্রমণ অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নেওয়ারও পরামর্শ দেওয়া হয়েছে।

জা.অর্থনীতি/এসআই