নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানকে জরিমানা
ছবি: জাতীয় অর্থনীতি

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার শহরে অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যদ্রব্য উৎপাদন, প্রস্তুত ও সংরক্ষণের অপরাধে দুটি প্রতিষ্ঠানকে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রোববার (৮ নভেম্বর) শহরের ব্যস্ততম শমসেরনগর রোড এলাকায় জেলা প্রশাসনের উদ্যোগে এই অভিযান পরিচালনা করা হয়।

জেলা প্রশাসকের কার্যালয়ের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মাহফুজুল হক অমির নেতৃত্বে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালত অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারা লঙ্ঘনের দায়ে ‘আনন্দ ফুড’ নামক প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা এবং ‘মেঘবাড়ি রেস্টুরেন্ট’কে ১০ হাজার টাকা জরিমানা করেন।

অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে খাদ্যদ্রব্য উৎপাদন ও প্রস্তুতের ক্ষেত্রে চরম অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন পরিবেশ, স্যাঁতসেঁতে মেঝে এবং স্বাস্থ্যসম্মত পরিবেশের মারাত্মক ঘাটতি দেখতে পান ভ্রাম্যমাণ আদালত। জনস্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ এমন পরিবেশে খাদ্য তৈরি করায় তাৎক্ষণিকভাবে এই দণ্ড প্রদান করা হয়। এ সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর দীপংকর ব্রহ্মচারী উপস্থিত থেকে সার্বিক কার্যক্রমে সহায়তা করেন।

অভিযান শেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট খাদ্য ব্যবসায়ীদের কঠোর সতর্কবার্তা দেওয়া হয়। পাশাপাশি খাদ্য উৎপাদন, প্রস্তুত, সংরক্ষণ ও পরিবেশনের ক্ষেত্রে বাধ্যতামূলকভাবে স্বাস্থ্যবিধি মেনে চলা এবং সর্বদা পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখার সুনির্দিষ্ট নির্দেশনা প্রদান করা হয়।

সাধারণ মানুষের জনস্বাস্থ্য সুরক্ষা এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে জেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

—জা. অর্থনীতি/এলএটি