স্পেসএক্সের পরিচালনা পর্ষদ ছাড়লেন ডোনাল্ড হ্যারিসন

প্রযুক্তি ডেস্ক: স্পেসএক্সের বোর্ড অব ডিরেক্টরস বা পরিচালনা পর্ষদ থেকে পদত্যাগ করেছেন গুগলের জ্যেষ্ঠ নির্বাহী ডোনাল্ড হ্যারিসন। দীর্ঘ এক দশকেরও বেশি সময় পর ইলন মাস্কের নেতৃত্বাধীন এই প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ ছাড়লেন তিনি।

শনিবার (৭ নভেম্বর) আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রকাশিত তথ্যানুযায়ী, গত ৪ নভেম্বর হ্যারিসন তাঁর পদত্যাগের সিদ্ধান্ত স্পেসএক্সকে জানান, যা অবিলম্বে কার্যকর হয়েছে। প্রতিষ্ঠানটি নিশ্চিত করেছে, প্রতিষ্ঠানের পরিচালনা, নীতি কিংবা কর্মপদ্ধতি নিয়ে কোনো দ্বিমত বা বিরোধের কারণে এই পদত্যাগ নয়।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে স্পেসএক্সের প্রধান নির্বাহী ইলন মাস্ক জানান, গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের সঙ্গে স্পেসএক্সের বাণিজ্যিক ও প্রযুক্তিগত যোগাযোগের কারণে এক ধরনের ‘কনফ্লিক্ট অব ইন্টারেস্ট’ বা স্বার্থের সংঘাত তৈরি হচ্ছিল। সে কারণেই পদত্যাগের সিদ্ধান্ত নেন হ্যারিসন। পোস্টে মাস্ক লেখেন, ‘ডন একজন অসাধারণ বোর্ড সদস্য ছিলেন। প্রতিষ্ঠানে তাঁর অবদানের জন্য আমরা গভীরভাবে কৃতজ্ঞ’।

ডোনাল্ড হ্যারিসন বর্তমানে গুগলের গ্লোবাল পার্টনারশিপস অ্যান্ড করপোরেট ডেভেলপমেন্ট বিভাগের প্রেসিডেন্টের দায়িত্বে রয়েছেন। বাজারবিশ্লেষক সংস্থা এলএসইজির তথ্যমতে, স্পেসএক্সের সবচেয়ে বড় প্রাতিষ্ঠানিক শেয়ারহোল্ডার গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট। শুক্রবার প্রকাশিত হালনাগাদ তথ্যে গুগল জানায়, স্পেসএক্সে তাদের শেয়ারের সংখ্যা সামান্য বেড়ে ৫৫ কোটি ৫০ লাখ শেয়ারে পৌঁছেছে, যা আগে ছিল ৫৫ কোটি ১২ লাখ।