হোটেলের জানালায় বসতেই সপ্তম তলা থেকে পড়ে তরুণীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলে হোটেলের সপ্তম তলার একটি কাঁচের জানালায় বসার পর সেটি খুলে নিচে পড়ে গিয়ে প্রাণ হারিয়েছেন ২৬ বছর বয়সী এক তরুণী। জানালার অ্যালুমিনিয়ামের ফ্রেমটি আগে থেকেই আলগা ছিল। তবে বিষয়টি বুঝতে না পেরে সেখানে বসতেই ঘটে যায় মর্মান্তিক দুর্ঘটনা। এ সময় তার প্রেমিকও পাশেই ছিলেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) ব্রাজিলের মারানহো রাজ্যের সাও লুইস শহরের পোন্টা ডি’আরিয়া এলাকার রিও পটি হোটেলে এ ঘটনা ঘটে। নিহত তরুণীর নাম রেনাতা রেবেকা সালদানা দোস সান্তোস। তিনি প্রেমিককে নিয়ে হোটেলের সপ্তম তলায় একটি কক্ষ ভাড়া নিয়েছিলেন।

হোটেলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, বাইরে থেকে ফিরে ওই তরুণী ও তার প্রেমিক হোটেলে প্রবেশ করেন। দুজনকেই মদ্যপ অবস্থায় দেখা যায়। একপর্যায়ে তরুণী হোটেলের লবির কাঁচের জানালার ওপর বসেন। এরপর সামান্য পেছনে হেলতেই আলগা ফ্রেমসহ জানালাটি খুলে যায় এবং তিনি নিচে পড়ে যান।

সাততলা থেকে পড়ে হোটেলের প্রবেশদ্বারের ওপরের ছাদে আছড়ে পড়েন তিনি। দ্রুত চিকিৎসার ব্যবস্থা করা হলেও গুরুতর আঘাতের কারণে শেষ পর্যন্ত তার মৃত্যু হয়।

ঘটনার পর সন্দেহের ভিত্তিতে তরুণীর প্রেমিককে আটক করে পুলিশ। তবে সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় তাকে ধাক্কা দেওয়া বা কোনো ধরনের হামলার প্রমাণ পাওয়া যায়নি। পরে তাকে ছেড়ে দেওয়া হয়। পুলিশ ঘটনাটিকে দুর্ঘটনা হিসেবে বিবেচনা করছে। জানালার কাঠামো কী কারণে ভেঙে পড়েছিল, তা তদন্ত করে দেখা হচ্ছে।

জা.অর্থনীতি/এসআই