টেকনাফের মানবপাচারকারীদের সেই আস্তানায় পড়ে আছে ৩ মরদেহ

জাতীয় অর্থনীতি, কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে দুর্গম পাহাড়ে মানবপাচারকারীদের আস্তানায় তিনজনের মরদেহ পড়ে থাকার খবর পাওয়া গেছে। শুক্রবার (৬ নভেম্বর) বিকেলে হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ও লেদা রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে মরদেহগুলো পড়ে থাকার খবর পায় পুলিশ। তবে রাত হয়ে যাওয়ায় মরদেহ উদ্ধারে ঘটনাস্থলে যেতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

কক্সবাজারের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের মাধ্যমে মানবপাচারকারীদের আস্তানায় তিনজনের মরদেহ পড়ে থাকার খবর পেয়েছেন তারা। মরদেহ উদ্ধারের চেষ্টা চলছে। তবে রাত হওয়ায় ঘটনাস্থলে পৌঁছানো সম্ভব হচ্ছে না। 

এর আগে বৃহস্পতিবার বিকেলে ওই পাহাড়ে সশস্ত্র মানবপাচারকারীদের আস্তানায় অভিযান চালায় যৌথ বাহিনী। এ সময় দুপক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। মানবপাচারকারীদের গুলিতে সেনাসদস্য সৈনিক মো. তিতাস শেখ (২৭) নিহত হন।

অভিযান চলাকালে ওই আস্তানা থেকে ৫৬ জনকে উদ্ধার করা হয়। পাশাপাশি মানবপাচারকারী চক্রের ছয় সদস্যকে আটক করে যৌথ বাহিনী। উদ্ধার হওয়া ব্যক্তিদের শুক্রবার সকালে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। সেনাসদস্য নিহতের ঘটনার পর থেকে পাহাড়ে যৌথ বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।

এ দিকে পাহাড়ে তিনজনের মরদেহ পড়ে থাকার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মধ্যে নতুন করে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দেয়। সশস্ত্র অপরাধীদের আস্তানা নির্মূলে পাহাড়জুড়ে সাঁড়াশি অভিযান চালানোর দাবি জানিয়েছেন তারা।

টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম অনীক চৌধুরী বলেন, পাহাড়ে অবস্থানরত সশস্ত্র মানবপাচারকারীদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে। অপরাধ করে কেউ পার পাওয়ার সুযোগ নেই। মানববন্ধনের বিষয়েও প্রশাসন খোঁজখবর রাখছে।

তিনি আরও বলেন, সশস্ত্র মানবপাচারকারীদের গুলিতে দায়িত্ব পালনরত একজন সেনাসদস্য নিহত হওয়ার ঘটনায় তারা গভীরভাবে মর্মাহত ও শোকাহত। এ ধরনের অপরাধ নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি স্থানীয় জনগণের সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

—জা.অর্থনীতি/আরএস