রিপাবলিকানদের জেতাতে অর্থ ব্যয়, ডেমোক্র্যাটদের জয়ে চাপে মাস্কের ব্যবসায়িক সাম্রাজ্য

জাতীয় অর্থনীতি আন্তর্জাতিক: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থীদের জেতাতে প্রায় ৫০ কোটি ডলার ঢেলেছিলেন বিশ্বের শীর্ষ ধনী ইলন মাস্ক। টেক্সাসের সিনেট নির্বাচনে কেন প্যাক্সটনের প্রচারণার পেছনেও বড় অঙ্কের অর্থ ব্যয় করেন তিনি। কিন্তু ডেমোক্র্যাট প্রার্থী জেমস টেলারিকোর জয়ের পাশাপাশি গভর্নর ও অ্যাটর্নি জেনারেল পদেও ডেমোক্র্যাটদের জয় মাস্কের ব্যবসায়িক সাম্রাজ্যের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করেছে। বিশেষ করে টেক্সাসে তার দুই বড় প্রতিষ্ঠান স্পেসএক্স ও টেসলা এখন বাড়তি নিয়ন্ত্রণ ও নজরদারির মুখে পড়তে পারে।

মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচনের ফলাফল মাস্কের জন্য কী অর্থ বহন করছে—তা ব্যাখ্যা করতে গিয়ে প্রযুক্তি বিশ্লেষক ড্যানিয়েল আইভস বলেন, 'সিনেট বা প্রতিনিধি পরিষদে ডেমোক্র্যাটদের জোয়ারের বিষয়টি এখানে মুখ্য নয়। বরং টেক্সাসের গভর্নর নির্বাচনই বেশি গুরুত্বপূর্ণ।'

টেক্সাসের অ্যাটর্নি জেনারেল পদে কেন প্যাক্সটনের স্থলাভিষিক্ত হতে যাওয়া ডেমোক্র্যাট প্রার্থী নাথান জনসন গত জুলাইয়ে জানিয়েছিলেন, গ্রামীণ এলাকায় ব্রডব্যান্ড ইন্টারনেট ছড়িয়ে দিতে বরাদ্দ সরকারি অনুদান অন্যায্যভাবে স্পেসএক্সের স্টারলিংককে দেওয়া হয়েছে কি না, সেটি তিনি নির্বাচিত হলে তদন্ত করবেন। স্টারলিংক হলো স্পেসএক্সের সবচেয়ে বেশি মুনাফা করা ব্যবসা।

অন্যদিকে, ক্ষমতাসীন গ্রেগ অ্যাবটকে হারিয়ে গভর্নর নির্বাচিত হওয়া জিনা হিনোজোসা নির্বাচনী প্রচারণায় ডেটা সেন্টার নির্মাণের বিরোধিতাকে অন্যতম প্রধান প্রতিশ্রুতি হিসেবে তুলে ধরেন। নতুন ডেটা সেন্টার নির্মাণের ওপর স্থগিতাদেশ জারির অঙ্গীকার করেছেন তিনি। টেসলা ও স্পেসএক্স—দুই প্রতিষ্ঠানই তাদের ভবিষ্যৎ সাফল্যের জন্য এআই প্রযুক্তির ওপর বড় ধরনের বিনিয়োগ করছে।

আগামী এক বছরে নতুন ডেটা সেন্টার নির্মাণে বড় বিনিয়োগের পরিকল্পনা রয়েছে স্পেসএক্সের। এর মধ্যে টেক্সাসের ব্রাউনসভিলের ঠিক বাইরে নির্মিতব্য বিশাল 'কলোসাল ৩' ডেটা সেন্টারও রয়েছে। অনেক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রতিষ্ঠানের বিপরীতে স্পেসএক্স অন্য এআই প্রতিষ্ঠানগুলোর কাছে নিজেদের সার্ভার ও ক্লাউড প্ল্যাটফর্ম ব্যবহারের সময় বিক্রি করে মুনাফা করে। হিনোজোসার প্রস্তাবিত স্থগিতাদেশ কার্যকর হলে স্পেসএক্সের এসব পরিকল্পনা বড় ধরনের ধাক্কা খেতে পারে।

আইভস বলেন, 'টেক্সাসে ডেটা সেন্টার নির্মাণের পরিকল্পনা মাস্কের উচ্চাভিলাষী লক্ষ্যগুলোর গুরুত্বপূর্ণ অংশ।' এ কারণেই বুধবার স্পেসএক্স ও টেসলার শেয়ারের দাম কমেছে বলে মনে করেন তিনি। সেদিন উভয় প্রতিষ্ঠানের শেয়ারের দাম ৩ শতাংশের বেশি কমে যায়। অথচ প্রযুক্তি খাতের অনেক প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছিল।

বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ আনুমানিক ৮৯৮ বিলিয়ন ডলার। রিপাবলিকানদের সমর্থনে ব্যয় করা অর্থ কিংবা বুধবার শেয়ারের দাম কমে যাওয়ায় তার সম্পদের যে মূল্যহ্রাস হয়েছে, তা নিয়ে সম্ভবত খুব একটা উদ্বিগ্ন নন তিনি।

মাস্কের জন্য বড় উদ্বেগের বিষয় হলো, তার ব্যবসাপ্রতিষ্ঠানগুলোর ওপর নজরদারি ও নিয়ন্ত্রণ আরও বাড়তে পারে। বুধবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে বিষয়টি নিয়ে ইঙ্গিত দেন তিনি।

মাস্ক লিখেছেন, 'এখন মহাকাশে ডেটা সেন্টার স্থাপনের বিষয়টি বেশ আকর্ষণীয় মনে হচ্ছে।' এর মাধ্যমে নিজের দীর্ঘমেয়াদি পরিকল্পনার কথাই তুলে ধরেছেন তিনি।

বিশেষজ্ঞরা বলছেন, মহাকাশে ডেটা সেন্টার পাঠানো ও পরিচালনার ক্ষেত্রে এখনো অনেক বাধা রয়েছে। তবে তা সম্ভব হলেও টেক্সাসে রকেট উৎক্ষেপণে বিধিনিষেধ আরোপ করা হলে স্পেসএক্সকে লুইজিয়ানার কোনো 'স্পেসপোর্ট' থেকে উৎক্ষেপণ কার্যক্রম চালাতে হতে পারে।

টেক্সাসের উপসাগরীয় উপকূলে স্পেসএক্সের স্পেসপোর্ট 'স্টারবেস'-এর কার্যক্রম নিয়ে আগে থেকেই স্থানীয় বাসিন্দাদের সমালোচনা রয়েছে। উৎক্ষেপণকেন্দ্রের আশপাশের বাসিন্দারা দীর্ঘদিন ধরে রকেট উৎক্ষেপণের সময় সৃষ্ট তীব্র শব্দ নিয়ে উদ্বেগ জানিয়ে আসছেন। শব্দের তীব্রতা কখনো কখনো বন্দুকের গুলির মতো মনে হয় এবং ছোটখাটো ভূমিকম্পের মতো কম্পনও সৃষ্টি করে। এ বছর এসব অভিযোগ নিয়ে স্থানীয় বাসিন্দারা সম্মিলিতভাবে একটি মামলাও করেছেন।

মামলাটি নিয়ে জানতে চাইলে স্পেসএক্স কোনো মন্তব্য করেনি। তবে ২০২২ সালে এক্সে দেওয়া এক পোস্টে মাস্ক রকেট উৎক্ষেপণের শব্দের প্রভাবকে তেমন গুরুত্ব দেননি। তিনি বলেছিলেন, 'ঝড় ও ঘূর্ণিঝড়ের প্রভাব স্টারশিপের উৎক্ষেপণের চেয়ে অনেক বেশি গুরুতর।'

তবে স্থানীয় বাসিন্দাদের এসব অভিযোগের বিষয়ে গ্রেগ অ্যাবটের তুলনায় হিনোজোসা বেশি সহানুভূতিশীল অবস্থান নিতে পারেন। যদিও স্পেসপোর্টটির বিষয়ে তার অবস্থান জানতে সিএনএন প্রশ্ন করলেও হিনোজোসার নির্বাচনী প্রচারশিবির কোনো জবাব দেয়নি।

টেক্সাসে টেসলারও বড় কার্যক্রম রয়েছে। প্রতিষ্ঠানটির চালকবিহীন 'রোবোট্যাক্সি' সেবা বর্তমানে টেক্সাসের মাত্র চারটি এবং ফ্লোরিডার তিনটি শহরে চালু রয়েছে। তুলনামূলকভাবে, টেসলার প্রতিদ্বন্দ্বী অ্যালফাবেটের সহযোগী প্রতিষ্ঠান ওয়েমো যুক্তরাষ্ট্রের ১৫টি শহরে এ সেবা পরিচালনা করছে।

কোন ধরনের যানবাহন (চালকবিহীন হোক বা চালকসহ) স্থানীয় সড়কে চলতে পারবে, সে সিদ্ধান্ত নেয় স্থানীয় সরকারগুলো।

আইভস বলেন, 'রোবোট্যাক্সি সেবার ওপর আরও বিধিনিষেধ আরোপ করা হলে তা বড় ধরনের ধাক্কা হবে।'

টেসলার রোবোট্যাক্সি সেবা থেকে কত আয় হচ্ছে বা লোকসান হচ্ছে, সে বিষয়ে কোনো হিসাব প্রকাশ করা হয়নি। তবে মাস্ক জানিয়েছেন, ভবিষ্যতে শুধু গাড়ি বিক্রি করে নয়, রোবোট্যাক্সিতে যাত্রী পরিবহনের মাধ্যমেই ব্যবসা বাড়াতে চায় টেসলা।

আইভসের মতে, টেসলার বাজারমূল্যের বড় একটি অংশ নির্ভর করছে এই সম্ভাবনার ওপর। প্রতিষ্ঠানটি একসময় যুক্তরাষ্ট্রজুড়ে রোবোট্যাক্সি সেবা চালু করতে পারবে—এমন প্রত্যাশা থেকেই বিনিয়োগকারীরা টেসলার প্রতি আগ্রহী।

আইভস আরও বলেন, এআই শিল্পের জন্য হিনোজোসার হুমকি শুধু স্পেসএক্সের মধ্যেই সীমাবদ্ধ নয়। যুক্তরাষ্ট্রে এআই প্রযুক্তির বিকাশে টেক্সাস গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। 

গবেষণা প্রতিষ্ঠান ক্লিনভিউয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে পরিকল্পনাধীন ডেটা সেন্টারের সংখ্যা সবচেয়ে বেশি টেক্সাসে। চালু থাকা বা নির্মাণাধীন ডেটা সেন্টারের সংখ্যার দিক থেকেও ভার্জিনিয়ার পরেই রয়েছে অঙ্গরাজ্যটি।

বুধবার বিনিয়োগকারীদের উদ্দেশে দেওয়া এক নোটে আইভস বলেন, 'হিনোজোসা ডেটা সেন্টারবিরোধী হিসেবে পরিচিত। এআই অবকাঠামো সম্প্রসারণের বিষয়েও তার অবস্থান নেতিবাচক। ফলে টেক্সাসে ভবিষ্যতে ডেটা সেন্টার নির্মাণের পরিকল্পনা নিয়ে উদ্বেগ প্রযুক্তি খাতের বিনিয়োগকারীদের জন্য বাস্তব সমস্যা হয়ে দাঁড়িয়েছে। চাপের মুখে থাকবে স্পেসএক্সের শেয়ার।'

—জা.অর্থনীতি/আরএস