যুক্তরাষ্ট্রের নির্বাচনে চমক, টানা পঞ্চমবার জিতলেন দুই মুসলিম নারী

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে আবারও নিজেদের আসন ধরে রেখেছেন ডেমোক্রেটিক পার্টির দুই মুসলিম নারী রাজনীতিক রশিদা তলাইব ও ইলহান ওমর। প্রতিনিধি পরিষদের নির্বাচনে টানা পঞ্চমবারের মতো জয় পেয়ে কংগ্রেসে নিজেদের অবস্থান আরও সুসংহত করেছেন তারা।

মঙ্গলবার অনুষ্ঠিত নির্বাচনে মিশিগানের ১২ নম্বর কংগ্রেসনাল আসনে রিপাবলিকান প্রার্থী জেমস ডি হুপারকে পরাজিত করেন রশিদা তলাইব। অন্যদিকে মিনেসোটার ৫ নম্বর আসনে রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী জন নাগেলকে হারিয়ে বিজয়ী হয়েছেন ইলহান ওমর।

মিশিগানের ডেট্রয়েট ও আশপাশের এলাকার প্রতিনিধিত্ব করেন তলাইব। মার্কিন কংগ্রেসে নির্বাচিত প্রথম ফিলিস্তিনি-আমেরিকান নারী হিসেবে পরিচিত তিনি। ফিলিস্তিনিদের অধিকার এবং ইসরায়েল ইস্যুতে যুক্তরাষ্ট্রের নীতির কঠোর সমালোচক হিসেবে তিনি রাজনৈতিক অঙ্গনে আলোচিত।

গাজায় ইসরায়েলের সামরিক অভিযান এবং ইসরায়েল সরকারকে ওয়াশিংটনের সমর্থনের বিরুদ্ধে বারবার সরব হয়েছেন তলাইব। ২০২৩ সালে ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে মন্তব্যের জেরে প্রতিনিধি পরিষদে নিন্দা প্রস্তাবের মুখেও পড়েছিলেন তিনি।

অন্যদিকে সোমালিয়া থেকে শরণার্থী হিসেবে যুক্তরাষ্ট্রে আসা ইলহান ওমর ২০১৯ সাল থেকে মিনেসোটার ৫ নম্বর আসনের প্রতিনিধিত্ব করছেন। অভিবাসীদের অধিকার ও প্রগতিশীল নীতির পক্ষে সোচ্চার এই রাজনীতিক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার মুখে পড়েছেন একাধিকবার।

অভিবাসন আইন লঙ্ঘনের অভিযোগও প্রত্যাখ্যান করেছেন তিনি। তদন্তকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিহিত করেছেন।

দুই আইনপ্রণেতাই ডেমোক্রেটিক পার্টির প্রগতিশীল অংশের গুরুত্বপূর্ণ মুখ। চলমান নির্বাচনে প্রতিনিধি পরিষদে সংখ্যাগরিষ্ঠতা পেতে কোনো দলের প্রয়োজন অন্তত ২১৮টি আসন।

জা.অর্থনীতি/এসআই