শুরু হলো ‘বারভিডা কার এক্সপো ২০২৬’
ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) আজ থেকে শুরু হয়েছে ৩ দিনব্যাপী দেশের অটোমোবাইল খাতের অন্যতম গুরুত্বপূর্ণ আয়োজন ‘বারভিডা কার এক্সপো ২০২৬’, যা চলবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত।

বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারভিডা) এই প্রদর্শনীর আয়োজন করেছে।

বারভিডার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই এক্সপোর মূল লক্ষ্য হলো জাপানের জনপ্রিয় রিকন্ডিশন্ড গাড়িগুলোকে এক ছাদের নিচে নিয়ে আসা, যাতে সাধারণ ক্রেতারা সহজেই গাড়িগুলো দেখতে পারেন এবং নিজেদের বাজেট ও পছন্দ অনুযায়ী বিভিন্ন মডেল, প্রযুক্তি, সুযোগ-সুবিধা ও দামের তুলনা করে সঠিক গাড়িটি বেছে নিতে পারেন।

প্রদর্শনীতে টয়োটা প্রিয়াস, করোলা ক্রস, হ্যারিয়ার, নোয়া, ভক্সি ও আলফার্ডসহ জাপানের বিভিন্ন জনপ্রিয় ব্র্যান্ড ও মডেলের রিকন্ডিশন্ড গাড়ি প্রদর্শিত হচ্ছে। এর মাধ্যমে গাড়ি ক্রয়-বিক্রয় প্রক্রিয়াকে আরও সহজ, স্বচ্ছ ও ক্রেতাবান্ধব করে তোলাই বারভিডার প্রধান উদ্দেশ্য।

অনুষ্ঠানে বক্তারা দেশের অর্থনীতি ও উন্নয়ন যাত্রায় জাপানি রিকন্ডিশন্ড গাড়ির ৫০ বছরের অবদানের কথা স্মরণ করেন। পাশাপাশি, নীতি প্রণয়নের সময় জাপানি রিকন্ডিশন্ড গাড়ি আমদানিতে বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি প্রত্যাহারের আহ্বান জানানো হয়। এছাড়া ৬৬০ সিসির জাপানি ‘কে কার’ আমদানিতে বিশেষ সুবিধা দেওয়া হলে তা শহরের যানজট ও ব্যাটারিচালিত রিকশার ভয়াবহতা থেকে নগরবাসীকে মুক্তি দিতে সহায়ক হবে বলে মত প্রকাশ করা হয়।

বারভিডার সভাপতি আবদুল হকের সভাপতিত্বে এবং সেক্রেটারি জেনারেল রিয়াজ রহমানের পরিচালনায় উদ্বোধনী অনুষ্ঠানে এনআরবি ব্যাংকের এমডি তারেক রিয়াজ খান, রূপালী ইন্স্যুরেন্স কোম্পানির উপদেষ্টা পি. কে. রায়, পূবালী ব্যাংকের কনজুমার ক্রেডিট স্কিমের হেড মালেকুল ইসলাম, বারভিডার সাবেক সভাপতি আবদুল মান্নান চৌধুরী খসরু ও মো. হাবিব উল্লাহ ডন এবং সাবেক সেক্রেটারি মাহাবুল হক চৌধুরী বাবরসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ বক্তব্য রাখেন।

—জা. অর্থনীতি/এনজে