মোংলা বন্দর আধুনিকায়নে ৪ হাজার কোটি টাকার প্রকল্প

অনলাইন ডেস্ক: মোংলা বন্দরের সক্ষমতা বাড়াতে বড় অবকাঠামো উন্নয়ন উদ্যোগ নিয়েছে সরকার। প্রায় ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন বন্দরের সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার (৫ নভেম্বর) মোংলা বন্দরে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কার্যক্রমের উদ্বোধন করবেন।

নৌপরিবহন মন্ত্রণালয় বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

প্রকল্পটি বাস্তবায়ন করছে মোংলা বন্দর কর্তৃপক্ষ। এতে বাংলাদেশ ও চীন যৌথভাবে অর্থায়ন করছে। চীন সরকার এক্সিম ব্যাংকের মাধ্যমে প্রায় ৩৩৫ দশমিক ৭৮ মিলিয়ন মার্কিন ডলার সহজ শর্তে ঋণ দিচ্ছে। প্রকল্পের ইপিসি ঠিকাদার হিসেবে কাজ করছে চায়না সিভিল ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন করপোরেশন।

প্রকল্পের আওতায় ৩৬৮ মিটার দৈর্ঘ্যের দুটি আধুনিক কনটেইনার জেটি নির্মাণ করা হবে। পাশাপাশি ৮৭ হাজার ৬০০ বর্গমিটারের লোডেড কনটেইনার ইয়ার্ড, ৩৪ হাজার ১৭০ বর্গমিটারের খালি কনটেইনার ইয়ার্ড এবং ৪ হাজার ২৬০ বর্গমিটারের বিপজ্জনক পণ্য রাখার ইয়ার্ড তৈরি করা হবে। এসব অবকাঠামো চালু হলে বছরে প্রায় ৩ লাখ ৯৪ হাজার টিইইউ কনটেইনার পরিচালনা সম্ভব হবে।

গত ১০ অক্টোবর চীনের এক্সিম ব্যাংকের সঙ্গে ২ দশমিক ৪০৪ বিলিয়ন ইউয়ানের ঋণচুক্তি স্বাক্ষরিত হয়, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার ৫৯২ কোটি ৯০ লাখ টাকা।

এদিকে, প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে সিআরসিসির চেয়ারম্যান দাই হেগেনের নেতৃত্বে চীনা প্রতিনিধিদল প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবে। এ সময় বাংলাদেশে বিনিয়োগ, বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা ও কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে আলোচনা এবং ইনভেস্ট বাংলাদেশ ও সিআরসিসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের কথা রয়েছে।

জা.অর্থনীতি/এসআই