মোংলা বন্দর হবে সম্ভাবনাময় নতুন অর্থনৈতিক হাব: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক: দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে নতুন গতি আনতে মোংলা বন্দরের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। আধুনিকায়ন ও অবকাঠামো উন্নয়নের মাধ্যমে বন্দরটিকে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ অর্থনৈতিক কেন্দ্রে পরিণত করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে মোংলায় ‘মোংলা বন্দর সুবিধা সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের’ ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী সকাল ১১টা ১৫ মিনিটে ৪ হাজার ৬৮ কোটি টাকা ব্যয়ে দুটি কনটেইনার জেটি নির্মাণ ও আনুষঙ্গিক অবকাঠামো উন্নয়নকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় তিনি বন্দর এলাকায় একটি গাছের চারাও রোপণ করেন।

তারেক রহমান বলেন, মোংলা বন্দরকে কেন্দ্র করে খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও যশোরসহ আশপাশের অঞ্চলে শিল্প-বাণিজ্য সম্প্রসারণের বড় সুযোগ রয়েছে। পঞ্চগড় থেকে বঙ্গোপসাগর পর্যন্ত সড়ক যোগাযোগ ও পণ্য পরিবহনব্যবস্থা উন্নয়নের পরিকল্পনাও সরকারের রয়েছে।

তিনি জানান, প্রকল্পের আওতায় আধুনিক কনটেইনার টার্মিনাল, ইয়ার্ড ও কার্গো হ্যান্ডলিং সুবিধা গড়ে তোলা হবে। এটি বাস্তবায়িত হলে ঢাকার কমলাপুর আইসিডি থেকে কনটেইনারবাহী ট্রেন সরাসরি মোংলা বন্দরে চলাচল করতে পারবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, জ্বালানি, সার, খাদ্যশস্য ও শিল্পের কাঁচামাল আমদানি এবং দেশীয় পণ্য রপ্তানিতে মোংলা বন্দর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি বন্দরকেন্দ্রিক শিল্পাঞ্চলে গ্যাস সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ২০৩০ সালের মধ্যে এক ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে বিনিয়োগ, শিল্পায়ন ও কর্মসংস্থান বাড়ানো হচ্ছে। মোংলা বন্দরের আধুনিকায়ন সেই লক্ষ্য অর্জনের গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

জা.অর্থনীতি/এসআই