আন্তর্জাতিক ডেস্ক: রাজস্থানের এক ওষুধের দোকানের কর্মচারী নিজের ব্যাংক হিসাবের ব্যালেন্স দেখতে গিয়ে রীতিমতো বিস্মিত হয়ে পড়েন। মাসে মাত্র ১০ হাজার টাকা বেতন পাওয়া ওই যুবকের অ্যাকাউন্টে হঠাৎ দেখা যায় ১০ হাজার কোটি টাকা। তবে আনন্দের বদলে শেষ পর্যন্ত পড়তে হয় ভোগান্তিতে।
ভারতের রাজস্থানের সিকার জেলার ২২ বছর বয়সী সমীর খানের সঙ্গে ঘটেছে এ ঘটনা। তিনি সালাসার বাসস্ট্যান্ডের কাছে নির্মল মেডিক্যাল নামের একটি ওষুধের দোকানে কাজ করেন।
জানা গেছে, নিজের প্রিপেইড মোবাইল নম্বরে রিচার্জ করার জন্য ব্যাংক হিসাবের ব্যালেন্স দেখতে অ্যাপ চালু করেন সমীর। পিন দেওয়ার পর প্রথমে অ্যাকাউন্টে শূন্য ব্যালেন্স দেখতে পান তিনি। পরে বিস্তারিত তথ্য যাচাই করতে গিয়ে জানতে পারেন, তার হিসাবে ১০ হাজার কোটি টাকা লিয়েন (লেনদেনের ওপর সাময়িক নিষেধাজ্ঞা) হিসেবে দেখানো হচ্ছে। একই সঙ্গে নিজের জমা রাখা ৫৫ হাজার টাকাও সাময়িকভাবে আটকে যায়।
বিষয়টি জানার পর দোকানের মালিক ধীরজ শর্মাকে সঙ্গে নিয়ে সাইবার থানায় যান সমীর। পুলিশ তাকে দ্রুত ব্যাংকের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেয়। পরে ব্যাংকের সঙ্গে কথা বললে জানানো হয়, প্রযুক্তিগত ত্রুটির কারণে এ সমস্যা হয়েছে।
ব্যাংক কর্তৃপক্ষ ত্রুটি সংশোধন করার পর সমীরের অ্যাকাউন্টে থাকা নিজের ৫৫ হাজার টাকাও ফেরত পান তিনি। সমীর জানান, বিপুল অর্থ দেখলেও সেটি ব্যবহারের কোনো সুযোগ ছিল না।
দোকানমালিক ধীরজ শর্মা জানান, চলতি বছরের জানুয়ারি থেকে তার দোকানে কাজ করছেন সমীর। মাসে ১০ হাজার টাকা বেতন পাওয়া কর্মীর অ্যাকাউন্টে এত বিপুল অর্থ দেখানোর ঘটনা তার কাছে একেবারেই নজিরবিহীন।
জা.অর্থনীতি/এসআই
