জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ফের ককটেল বিস্ফোরণ

অনলাইন ডেস্ক: রাজধানীর শেরেবাংলা নগরে জুলাই স্মৃতি জাদুঘরকে ঘিরে নিরাপত্তা উদ্বেগের মধ্যে আবারও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে রিকশায় করে এসে দুর্বৃত্তরা জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেন তেজগাঁও বিভাগের উপপুলিশ কমিশনার (ডিসি) ইবনে মিজান।

তিনি জানান, রাত ১১টার পর দুর্বৃত্তরা একটি রিকশায় করে এসে জুলাই স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ ঘটায়। এরপর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। তবে বিস্ফোরণের ঘটনায় কেউ আহত হননি।

এর আগে গত ১৪ অক্টোবর একই এলাকায় জাদুঘরের ১ নম্বর গেটের সামনে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। পরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) বোমা ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে গিয়ে অবিস্ফোরিত ককটেলটি নিষ্ক্রিয় করার উদ্যোগ নেয়।

ওই ঘটনায় মো. শাহীন ওরফে আরিফ মোল্লা (৪৫) নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালক আহত হন। বিস্ফোরণের সময় ছুটে আসা স্প্লিন্টারের আঘাতে তার শরীর ক্ষতিগ্রস্ত হয়।

উল্লেখ্য, জুলাই স্মৃতি জাদুঘরটি রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সাবেক গণভবনে অবস্থিত। একই স্থানে এর আগে ককটেল বিস্ফোরণের ঘটনায় একজন আহত হলেও সর্বশেষ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

জা.অর্থনীতি/এসআই