ইকবাল সোবহান চৌধুরীকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখাল ডিবি

অনলাইন ডেস্ক: ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নেওয়ার পর এবার হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা ও ডিবিসি টেলিভিশনের সাবেক চেয়ারম্যান ইকবাল সোবহান চৌধুরীকে। যাত্রাবাড়ী থানায় দায়ের করা বৈষম্যবিরোধী হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

তিনি জানান, যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা মামলার ২৩ নম্বরে ইকবাল সোবহান চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। ২০২৪ সালের ২৬ আগস্ট ওই থানায় মামলাটি করা হয়েছিল।

এদিকে ডিবিসি নিউজের আরেক সাংবাদিক রাজিব ঘোষকে কোনো মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে ডিবির এই কর্মকর্তা তা অস্বীকার করেন। তিনি জানান, রাজিব ঘোষকে ডিবি কার্যালয়ে আনা হয়নি।

তবে ডিবি সূত্র জানিয়েছে, মুচলেকা দিয়ে কিছুক্ষণের মধ্যেই মুক্তি পেয়েছেন রাজিব ঘোষ।

এর আগে বুধবার দুপুরে রাজধানীর মহাখালীতে অবস্থিত ডিবিসি টেলিভিশনের কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে নিজেদের হেফাজতে নেয় গোয়েন্দা পুলিশ। এরপর তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

হেফাজতে নেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই যাত্রাবাড়ী থানার হত্যা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর বিষয়টি সামনে আসে।

জা.অর্থনীতি/এসআই