আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী নয়াদিল্লিতে নির্মাণাধীন একটি তিনতলা ভবন ধসে অন্তত দুজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। ধ্বংসস্তূপের নিচে বেশ কয়েকজন আটকে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে পুরান দিল্লির ব্যস্ত চান্দনি চক এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টা ৫০ মিনিটে চান্দনি চক মেট্রো স্টেশনের কাছে গলি সিতারায় ভবন ধসের খবর পায় কর্তৃপক্ষ। খবর পেয়ে অন্তত ছয়টি ফায়ার ইউনিট ঘটনাস্থলে পাঠানো হয়। উদ্ধারকাজে পানিবাহী গাড়ি ও বিশেষ উদ্ধারযানও ব্যবহার করা হচ্ছে।
এর আগে উত্তর-পূর্ব দিল্লির হর্ষ বিহার এলাকায় একটি পুরোনো বাড়ির ওপর নতুন তলা নির্মাণের সময় ভবনের দুটি স্ল্যাব ধসে পড়ে। ওই ঘটনায় চান্দেরপাল (৬০) ও বিজয় কুমার (৩৩) নামে দুজন নিহত হন। ধ্বংসস্তূপ থেকে উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাদের মৃত ঘোষণা করেন।
এ ছাড়া গত ৭ অক্টোবর উত্তর-পূর্ব দিল্লির সীমাপুরী এলাকায় চারতলা একটি ভবন ধসে এক শিশুসহ তিনজনের মৃত্যু হয়। ওই ঘটনায় আহত আটজনকে উদ্ধার করে তাহিরপুরের রাজীব গান্ধী সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
সর্বশেষ দুর্ঘটনার পর দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্ত ও পৌর কর্তৃপক্ষের সমালোচনা করেছেন আম আদমি পার্টির নেতা সৌরভ ভরদ্বাজ। ভবনগুলোর নিরাপত্তা নিরীক্ষা চালানোর পরও একের পর এক ধসের ঘটনা ঘটছে বলে প্রশ্ন তুলেছেন তিনি।
জা.অর্থনীতি/এসআই
