দীপাবলিতে কর্মীদের আইফোন ১৬ উপহার দিল প্রতিষ্ঠান

আন্তর্জাতিক ডেস্ক: দীপাবলির আনন্দ কর্মীদের কাছে আরও বাড়িয়ে দিল দিল্লির একটি প্রতিষ্ঠান। উৎসব উপলক্ষে কর্মীদের প্রত্যেকের ডেস্কে নতুন আইফোন ১৬ উপহার হিসেবে রেখে চমকে দিয়েছে প্রতিষ্ঠানটি। দামি এই উপহার পেয়ে কর্মীদের উচ্ছ্বাসের দৃশ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ভিডিওটি দেখে প্রতিষ্ঠানটির ঠিকানা জানতে চেয়েছেন অনেক নেটিজেন।

প্রতিদিনের মতো সেদিনও সকালে অফিসে এসে নিজ নিজ ডেস্কে বসতে যান কর্মীরা। তবে ডেস্কে পৌঁছেই তাদের চোখে পড়ে বিশেষ উপহার। কম্পিউটারের সামনে রাখা রয়েছে সুন্দর করে মোড়ানো আইফোন ১৬-এর বাক্স। প্রতিটি ফোনের বাক্সে বাঁধা ছিল আকর্ষণীয় ফিতা। সাদা, সবুজ, নীল ও কালো রঙের ফোনগুলো কর্মীদের জন্য সাজিয়ে রাখা হয়েছিল।

প্রথমে বিষয়টি দেখে বিস্মিত হয়ে পড়েন কর্মীরা। পরে উপহারগুলো বুঝতে পেরে আনন্দে মেতে ওঠেন তারা। কর্মীদের এই বিস্ময় ও উচ্ছ্বাসের মুহূর্ত ধারণ করা হয় ভিডিওতে। প্রতিষ্ঠানটির ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দীপাবলি উদ্‌যাপনের ওই ভিডিও প্রকাশের পর তা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করেনি আনন্দবাজার ডট কম।

সাধারণত দীপাবলিতে বিভিন্ন প্রতিষ্ঠান কর্মীদের মিষ্টি, শুকনো ফল কিংবা নিত্যব্যবহার্য সামগ্রী উপহার দিয়ে থাকে। সেখানে প্রত্যেককে আইফোন ১৬ দেওয়ার ব্যতিক্রমী উদ্যোগটি নেটিজেনদের নজর কেড়েছে।

ভিডিওটির ক্যাপশনে প্রতিষ্ঠানটি লিখেছে, ‘কোনো প্রতিযোগিতা নেই। আপনি কী উপহার পেয়েছেন?’ পোস্টটির মন্তব্যের ঘরে অনেকে প্রতিষ্ঠানটির প্রশংসা করেছেন। একজন লিখেছেন, প্রতিষ্ঠানটির ঠিকানা জানালে তিনি সেখানে যোগ দিতে চান। আরেকজন জানিয়েছেন, উৎসবে নিজের প্রতিষ্ঠান থেকে এক বাক্স মিষ্টিও পাননি তিনি।

জা.অর্থনীতি/এসআই