অনলাইন ডেস্ক: দেশে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ৬ টাকা ৩২ পয়সা বাড়ানো হয়েছে। কয়েক মাস দাম কমার পর টানা চতুর্থ মাসের মতো বাড়ল এ জ্বালানির দাম। তবে আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম কমানো হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নির্দেশনার পর মূল্য সংযোজন করের (ভ্যাট) হিসাব পরিবর্তনের কারণে অভ্যন্তরীণ ফ্লাইটের জেট ফুয়েলের দাম বেড়েছে। এর আগে ১৭ শতাংশ হারে ভ্যাট হিসাব করা হলেও এনবিআর জানিয়েছে, ওই হার প্রয়োগের হিসাব সঠিক ছিল না।
বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এবার ২২.৫ শতাংশ ভ্যাট হিসাব করে জেট ফুয়েলের নতুন দাম নির্ধারণ করেছে। ফলে আন্তর্জাতিক বাজারে দাম কমলেও দেশের অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম বেড়েছে।
বৃহস্পতিবার জারি করা এক বিজ্ঞপ্তিতে বিইআরসি অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ১৮২ টাকা ৭১ পয়সা থেকে বাড়িয়ে ১৮৯ টাকা ৩ পয়সা নির্ধারণ করেছে। নতুন এ দাম আজ মধ্যরাত থেকে কার্যকর হবে।
অন্যদিকে, আন্তর্জাতিক ফ্লাইটের জন্য জেট ফুয়েলের দাম লিটারপ্রতি ১.১৮৮২ ডলার থেকে কমিয়ে ১.১৬৩৭ ডলার নির্ধারণ করা হয়েছে।
বিইআরসি জানিয়েছে, দেশের অভ্যন্তরীণ ফ্লাইটে ব্যবহৃত জেট ফুয়েল বিক্রির ক্ষেত্রে দুই ধাপে ভ্যাট প্রযোজ্য। আগে ১৭ শতাংশ হারে ভ্যাট হিসাব করা হতো। তবে সম্প্রতি এনবিআর এই হিসাবকে ভুল হিসেবে চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তা সংশোধনের পরামর্শ দেয়।
এনবিআরের নির্দেশনার পর বিইআরসি সর্বশেষ মূল্য নির্ধারণের হিসাবের সঙ্গে ২২.৫ শতাংশ ভ্যাট যুক্ত করেছে।
