চুরি ঠেকাতে ঢাকা দক্ষিণ সিটিতে ২০০ কেজির ওয়েস্ট বিন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীকে পরিচ্ছন্ন রাখা এবং ডাস্টবিন চুরি হওয়ার সমস্যা চিরতরে বন্ধ করতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) ২০০ থেকে ২৫০ কেজি ওজনের ৬০০টি বিশেষ ওয়েস্ট বিন স্থাপন করেছে। নগরীর সায়েদাবাদ বাস টার্মিনাল, ধানমন্ডি লেক, মগবাজার, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলামোটরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় এসব বিন ইতোমধ্যে বসানো হয়েছে। অতীতে বিভিন্ন সময়ে স্থাপন করা ডাস্টবিনগুলো দ্রুত চুরি হয়ে যাওয়ায় সিটি করপোরেশনকে বারবার আর্থিক ক্ষতির মুখে পড়তে হয়েছিল; সেই তিক্ত অভিজ্ঞতা থেকেই এবার ভারী ও চুরিরোধক বিন বেছে নেওয়া হয়েছে।

ডিএসসিসির তথ্যমতে, নতুন এই ওয়েস্ট বিনগুলো মূলত ফাইবার ও সিমেন্ট দিয়ে তৈরি করা হয়েছে, যার ফলে এগুলোর কোনো পুনর্বিক্রয়মূল্য (রিসেল ভ্যালু) নেই। এ বিষয়ে ডিএসসিসির প্রধান বর্জ্য কর্মকর্তা এয়ার কমোডর মাহবুবুর রহমান তালুকদার জানান, এর আগে যেসব বিন বসানো হয়েছিল তা টেকসই ছিল না এবং স্থাপনের কয়েক দিনের মধ্যেই চুরি হয়ে যেত। তবে বর্তমান বিনগুলো ওজনে অত্যন্ত ভারী এবং ভাঙ্গারির দোকানে বিক্রির কোনো সুযোগ না থাকায় কেউ এগুলো সরিয়ে নিলেও কোনো আর্থিক লাভ করতে পারবে না; ফলে চুরির ঝুঁকি একেবারেই থাকবে না।

এর আগে বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নে কোটি কোটি টাকা ব্যয় করে ডাস্টবিন বসানো হলেও যথাযথ রক্ষণাবেক্ষণের অভাব ও চুরির কারণে দুই সিটি করপোরেশনই কাঙ্ক্ষিত সুফল ধরে রাখতে পারেনি। সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার পুরো দক্ষিণ সিটিতে পর্যায়ক্রমে এই টেকসই বিন স্থাপনের পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রশাসক আব্দুস সালাম। তিনি উল্লেখ করেন, পরিচ্ছন্নতা নিশ্চিত ও শিক্ষার্থীদের মধ্যে ব্যবহারের অভ্যাস তৈরি করতে কেবল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতেই ১০০টি ডাস্টবিন দেওয়া হয়েছে। সাধারণ মানুষ যেন ফুটপাত বা রাস্তায় ময়লা না ফেলে ডাস্টবিনে ফেলতে অভ্যস্ত হয়, সেই উদ্দেশ্যেই পুরো ঢাকাকে ধীরে ধীরে এ সুবিধার আওতায় আনা হচ্ছে।

সিটি করপোরেশনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ নগরবাসী। তাদের মতে, যেখানে-সেখানে ময়লা ফেলার প্রবণতা কমার পাশাপাশি এগুলো চুরি বা ব্যক্তিগত কাজে ব্যবহারের সুযোগ না থাকায় প্রতি বছর নতুন বিন ক্রয়ের সরকারি অর্থের অপচয় বন্ধ হবে। এদিকে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা দক্ষিণ সিটির পাশাপাশি ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকাতেও একই ধরনের টেকসই ও ভারী ওয়েস্ট বিন স্থাপনের কার্যক্রম শুরু করা হয়েছে।
জেএ/অভি