বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাংলাদেশ-যুক্তরাজ্যের নতুন অঙ্গীকার

অনলাইন ডেস্ক: বাংলাদেশ ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও বিস্তৃত করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারে একমত হয়েছে দুই দেশ। এ লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী।

সোমবার (২ নভেম্বর) অ্যান্টিগুয়া ও বারবুডার সেন্ট জনসে কমনওয়েলথভুক্ত দেশগুলোর সরকারপ্রধানদের সম্মেলন (সিএইচওজিএম) চলাকালে বাংলাদেশের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ডের বৈঠক অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়টি জানানো হয়েছে।

বৈঠকে দুই মন্ত্রী বাংলাদেশ ও যুক্তরাজ্যের দ্বিপক্ষীয় সম্পর্কের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন। আলোচনায় যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশি পণ্যের শক্তিশালী রপ্তানি অবস্থান এবং বাংলাদেশে ব্রিটিশ বিনিয়োগের বিষয়টি গুরুত্ব পায়।

এ ছাড়া বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থার জন্য এয়ারবাসের উড়োজাহাজ কেনার সিদ্ধান্তকে স্বাগত জানান উভয় পক্ষ।

জলবায়ু পরিবর্তন, নিরাপদ ও নিয়মিত অভিবাসন এবং মানবিক সহায়তাসহ বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে বহুপক্ষীয় ফোরামে পরস্পরকে সহযোগিতা করার বিষয়ে একমত হন দুই মন্ত্রী।

বৈঠকে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত প্রায় ১০ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা জানান ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী। পাশাপাশি রোহিঙ্গাদের জন্য যুক্তরাজ্যের মানবিক সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন তিনি।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যামকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান হুমায়ুন কবির।

জা.অর্থনীতি/এসআই