জাতীয় অর্থনীতি বিনোদন: বলিউড বাদশাহ শাহরুখ খানের ৬১তম জন্মদিনে শুভেচ্ছা জোয়ারে ভাসছেন এই সুপারস্টার। এই বিশেষ দিনে কিং খানকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি তার বহুল প্রতীক্ষিত সিনেমা ‘কিং’ নিয়ে তুমুল উচ্ছ্বাস প্রকাশ করেছেন জনপ্রিয় তারকা দম্পতি রিতেশ দেশমুখ ও জেনেলিয়া ডি’সুজা।
নিজের এক্স হ্যান্ডেলে শাহরুখের সঙ্গে পুরোনো স্মৃতিঘেরা কয়েকটি ছবি শেয়ার করে রিতেশ লিখেছেন, ‘শুভ জন্মদিন শাহ ভাই। আপনি চিরকাল আমাদের হৃদয়ের রাজা হয়ে থাকবেন।’ একই সঙ্গে তিনি আগাম ভবিষ্যদ্বাণী করে বলেন, আগামী ২৪ ডিসেম্বর প্রেক্ষাগৃহে রাজত্ব করতে আসছে ‘কিং’। এই সিনেমার সাফল্য আগে থেকেই নিশ্চিত। স্ত্রী জেনেলিয়াও ভালোবাসায় ভরা বার্তা দিয়ে প্রিয় তারকার প্রতি শ্রদ্ধা জানান।
সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ও গৌরী খান প্রযোজিত এই হাই-অ্যাকশন থ্রিলার সিনেমায় শাহরুখের সাথে দেখা যাবে মেয়ে সুহানা খান, খলচরিত্রে অভিষেক বচ্চন ও অতিথি চরিত্রে দীপিকা পাড়ুকোনকে।
ক্রিসমাসের উৎসবমুখর আবহে আগামী ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমাটি। প্রিয় তারকাকে শুভেচ্ছার পাশাপাশি রিতেশ-জেনেলিয়ার এমন বার্তায় ‘কিং’ সিনেমাটি নিয়ে ভক্তদের উন্মাদনা আরও তুঙ্গে।
জা. অর্থনীতি/এআর
