জার্মানিতে বিক্ষোভের নামে তাণ্ডব: ভাঙচুর-লুটপাট, গ্রেপ্তার ৫৪

আন্তর্জাতিক ডেস্ক: জীবনযাত্রার ব্যয় কমানো ও সামাজিক সেবায় বরাদ্দ কমানোর প্রতিবাদে জার্মানিতে আয়োজিত বিক্ষোভ সহিংসতায় রূপ নিয়েছে। দেশটির ফ্রাঙ্কফুর্ট শহরে বিক্ষোভকারীদের ভাঙচুর ও লুটপাটে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ১৭টি দোকান। এ ঘটনায় ৫৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সংঘর্ষে আহত হয়েছেন পুলিশের শতাধিক সদস্য।

রবিবার (১ নভেম্বর) জার্মানির বিভিন্ন শহরে শিক্ষা খাতে বরাদ্দ বাড়ানো, জীবনযাত্রার ব্যয় কমানো এবং সামাজিক সেবা ও স্বাস্থ্য খাতে কাটছাঁট বন্ধের দাবিতে হাজারো মানুষ রাস্তায় নামেন। ‘জেন জি রেগেল্ট’ (জেন জি দায়িত্ব নেবে) নামের একটি আন্দোলন গোষ্ঠী এসব বিক্ষোভের আয়োজন করে। কয়েক ডজন শহরে কর্মসূচি পালিত হলেও ফ্রাঙ্কফুর্টে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে।

হেসে রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী রোমান পোসেক জানান, ফ্রাঙ্কফুর্টে মুখোশধারী বিক্ষোভকারীরা ১৭টি দোকানে ভাঙচুর করেন। এর মধ্যে পাঁচটিতে লুটপাট চালানো হয়। পরিস্থিতি সামাল দিতে ১ হাজার ৩০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল। গ্রেপ্তার ব্যক্তিদের বয়স ১৩ থেকে ২৯ বছরের মধ্যে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, বিক্ষোভকারীরা বিভিন্ন স্থাপনার জানালা ভাঙচুরের পাশাপাশি পুলিশ ও জরুরি সেবাকর্মীদের লক্ষ্য করে পেট্রলবোমা, পাথর ও বোতল নিক্ষেপ করেন।

জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী আলেক্সান্ডার ডব্রিন্ট সহিংসতায় জড়িতদের শনাক্ত করে বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, এ ধরনের দাঙ্গা ও লুটপাট কোনোভাবেই বরদাশত করা হবে না।

এদিকে ফ্রান্সে টানা তৃতীয় সপ্তাহের মতো বিক্ষোভ হলেও পরিস্থিতি তুলনামূলক শান্ত ছিল।

জা.অর্থনীতি/এসআই