ইরানে ফের যুদ্ধ চায় ইসরায়েল, নেতানিয়াহুর প্রস্তাবে রাজি নন ট্রাম্প!

আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অবস্থানে নতুন করে মতপার্থক্য দেখা দিয়েছে। তেহরানের ওপর সামরিক চাপ বাড়াতে দেশটিতে আবারও হামলার পক্ষে অবস্থান নিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে আপাতত সেই পথে হাঁটতে রাজি নন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলমান কূটনৈতিক উদ্যোগের ফল দেখতে আরও কিছুটা সময় দিতে চান তিনি।

টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি ফোনালাপে ট্রাম্পকে ইরানে নতুন করে হামলা চালানোর আহ্বান জানান নেতানিয়াহু। তবে মার্কিন প্রেসিডেন্ট তাতে সম্মতি দেননি। বরং কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনা অব্যাহত রাখার পক্ষে মত দিয়েছেন তিনি।

মার্কিন সংবাদমাধ্যমে প্রকাশিত ফোনালাপের বিবরণ সম্পর্কে অবগত ইসরায়েলি ও মার্কিন সূত্রের বরাতে প্রতিবেদনটিতে বলা হয়েছে, দুই নেতার আলোচনায় কাতারের মধ্যস্থতায় চলমান সংলাপ গুরুত্ব পেয়েছে। নেতানিয়াহুর আশঙ্কা, আলোচনার অগ্রগতিতে ইরানের ওপর থেকে চাপ উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে। অন্যদিকে ট্রাম্প চান, কূটনৈতিক উদ্যোগে ইসরায়েল আপাতত কোনো হস্তক্ষেপ না করুক।

প্রতিবেদন অনুযায়ী, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জারেড কুশনারের সঙ্গে যোগাযোগ রেখে কাতারের মধ্যস্থতাকারীরা দোহায় ইরানি কর্মকর্তাদের সঙ্গে টানা তিন দিন বৈঠক করেছেন।

এদিকে ফোনালাপের বিষয়বস্তু নিয়ে হোয়াইট হাউস ও নেতানিয়াহুর কার্যালয় কোনো মন্তব্য করেনি।

উল্লেখ্য, আগামী ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এর আগে ইরানে নতুন করে হামলা না চালানোর ঘোষণা দিয়েছিলেন ট্রাম্প। তবে নির্বাচন শেষে দেশটিতে মার্কিন সামরিক অভিযান শুরু হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশ্লেষকরা।

জা.অর্থনীতি/এসআই