জাতীয় অর্থনীতি বিনোদন: নব্বইয়ের দশকের জনপ্রিয় ব্যান্ড তারকা এবং ‘রোকযানা’ খ্যাত গায়ক শেখ সাহেদ আলী চরম শারীরিক জটিলতা নিয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
দীর্ঘ ৪ বছর ধরে নিয়মিত ডায়ালিসিস চালিয়ে যাওয়া এই শিল্পী সম্প্রতি কিডনি জটিলতার পাশাপাশি স্ট্রোক ও ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। শিল্পীর ঘনিষ্ঠ বন্ধু এরশাদুল হক জানিয়েছেন, গত ২৪ অক্টোবর হাসপাতালে ভর্তি হওয়ার পর তার স্ট্রোক হয় এবং তিনি ঠিকমতো কথা বলতে পারছেন না।
বর্তমানে তার ডান হাত-পা ফুলে যাওয়ার পাশাপাশি ফিস্টুলায় রক্ত জমাট বেঁধেছে। অবস্থা অবনতি হওয়ায় গত ৩১ অক্টোবর তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
এদিকে তার এই আকস্মিক অসুস্থতার কারণে দীর্ঘদিনের একটি বড় গানের আয়োজন থমকে গেছে। জি-সিরিজের ব্যানারে নতুন ২৪টি গান প্রকাশ এবং আগামী ৬ নভেম্বর কৃষিবিদ ইনস্টিটিউশনে একটি জমকালো অনুষ্ঠান করার কথা ছিল তার।
এমনকি ১৫ নভেম্বরের পর কিডনি প্রতিস্থাপনের জন্য তার দিল্লি যাওয়ার এবং দাতা চূড়ান্ত করার সমস্ত প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল। কিন্তু বর্তমান শারীরিক অবস্থার অবনতি হওয়ায় আপাতত সেই বিদেশযাত্রা ও প্রকাশনা উৎসব স্থগিত করা হয়েছে।
পরিবার ও বন্ধুদের পক্ষ থেকে জনপ্রিয় এই শিল্পীর দ্রুত রোগমুক্তির জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে।
জা. অর্থনীতি/এআর
