বিনোদন ডেস্ক: বলিউড বাদশাহ শাহরুখ খানের বুড়ো হাড়ের ভেলকির কাছে বর্তমান প্রজন্মের নায়কদের যেন অনেকটাই নিষ্প্রভ মনে হয়। করোনা-পরবর্তী সময়ে ‘পাঠান’ দিয়ে বলিউড বক্স অফিসে দক্ষিণী সিনেমার আগ্রাসন রুখে দেওয়ার পর ‘জাওয়ান’ দিয়ে হাজার কোটি টাকার ক্লাবে প্রবেশ করে সেই ধারাবাহিকতা বজায় রেখেছিলেন তিনি। এবার মুক্তির আগেই আসন্ন ‘কিং’ সিনেমার আন্তর্জাতিক স্বত্ব চড়া দামে বিক্রির মাধ্যমে ভারতীয় সিনেমার ইতিহাসে গড়েছে এক নতুন রেকর্ড। দেশটির বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিদেশি স্বত্ব বিক্রির চুক্তিতে সর্বকালের রেকর্ড গড়েছে শাহরুখ খানের এই বহুল প্রতীক্ষিত সিনেমাটি। ছবিটির আন্তর্জাতিক ডিস্ট্রিবিউশনের দায়িত্ব অর্জন করেছে খ্যাতনামা প্রতিষ্ঠান ‘ফারস ফিল্মস’। প্রযোজনা সংস্থা ‘রেড চিলিজ এন্টারটেইনমেন্ট’-এর কাছ থেকে ১৭৫ কোটি রুপি তথা প্রায় ১৮ মিলিয়ন ডলারের বিনিময়ে ‘কিং’-এর আন্তর্জাতিক থিয়েট্রিক্যাল ডিস্ট্রিবিউশন রাইটস কিনে নিয়েছে তারা। এর আগে ভারতের কোনো সিনেমার আন্তর্জাতিক পরিবেশন স্বত্ব এত বিশাল অংকের বিনিময়ে বিক্রি হয়নি।
এদিকে রেকর্ড দামে স্বত্ব বিক্রি হলেও আন্তর্জাতিক বাজারে ছবিটির জন্য অপেক্ষা করছে কিছু ব্যবসায়িক চ্যালেঞ্জ। বৈশ্বিক বক্স অফিসে সফল হতে হলে সিনেমাটিকে বিশ্ববাজার থেকে তুলতে হবে প্রায় ৩৭ থেকে ৪০ মিলিয়ন ডলার তথা ভারতীয় মুদ্রায় প্রায় ৩৫০ থেকে ৩৭৫ কোটি রুপি। সেক্ষেত্রে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’ এবং রাজামৌলির ‘আরআরআর’-এর মতো ছবিগুলোকে ছাড়িয়ে যেতে হবে ‘কিং’-কে। ইতোপূর্বে আন্তর্জাতিক বাজারে রণবীর সিংয়ের ‘ধুরন্ধর ২’ ৪৬০ কোটি রুপি এবং ‘আরআরআর’ ৪৩০ কোটি টাকার ব্যবসা করেছিল। অন্যদিকে ২০২৩ সালে শাহরুখের ‘পাঠান’ ও ‘জাওয়ান’ প্রত্যেকেই বিদেশি বাজার থেকে প্রায় ৪০০ কোটি রুপি আয় করেছিল। ফলে অন্যান্য ব্লকবাস্টার ছবির পাশাপাশি নিজের বিগত সফল রেকর্ডগুলোকেও পেছনে ফেলতে হবে কিং খানকে। তবে বিশ্লেষকরা মনে করছেন, বিশ্বজুড়ে শাহরুখ খানের ব্যাপক জনপ্রিয়তা এবং ছবিটিকে ঘিরে দর্শকদের তুঙ্গে থাকা আগ্রহের কারণে এই লক্ষ্য অর্জন অসম্ভব নয়।
উল্লেখ্য, এর আগে শাহরুখ খানের ছবির বিদেশি পরিবেশনার কাজ নিয়মিতভাবে যশরাজ ফিল্মস করলেও ‘কিং’-এর ক্ষেত্রে প্রথমবারের মতো পরিবেশক হিসেবে যুক্ত হয়েছে ‘ফারস ফিল্মস’। এই পরিবর্তনের সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও আন্তর্জাতিক বাজারে প্রতিষ্ঠানটির দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে; ইতোপূর্বে তারা প্রভাসের ‘সাহো’সহ যশরাজ ফিল্মসের একাধিক সিনেমার বিদেশি পরিবেশনার কাজ সাফল্যের সঙ্গে সম্পন্ন করেছে।
বড়দিন উৎসবকে সামনে রেখে আগামী ২৪ ডিসেম্বর বিশ্বজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘কিং’। ‘দ্য আর্চিজ’ দিয়ে ওটিটিতে আত্মপ্রকাশ করলেও এই সিনেমার মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে শাহরুখ-কন্যা সুহানা খানের। ছবিতে শাহরুখ খানকে দেখা যাবে একজন অভিজ্ঞ খুনির চরিত্রে, যিনি তার শিষ্যকে প্রশিক্ষণ দিচ্ছেন। আর এই শিষ্যের চরিত্রেই অভিনয় করেছেন সুহানা। বাবা-মেয়ের এই পর্দা-সম্পর্ক দেখতে দারুণ মুখিয়ে আছেন দর্শকরা।
শাহরুখ ও সুহানা ছাড়াও ছবিটিতে আরও অভিনয় করছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, জয়দীপ আহলাওয়াত, অনিল কাপুর ও অভয় বর্মার মতো তারকা শিল্পীরা।
