কেনিয়া ভ্রমণে নিষেধাজ্ঞা জারি সৌদি আরবের

জাতীয় অর্থনীতি আন্তর্জাতিক: ইবোলা ভাইরাসের বিস্তার রোধে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে নাগরিকদের কেনিয়া ভ্রমণে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে সৌদি আরব। একই সঙ্গে দেশটি থেকে আগত ভ্রমণকারীদের সব ধরনের ভিসা প্রদান বন্ধ এবং সৌদি আরবে তাদের প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদসংস্থা সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) বরাতে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ।

সৌদিতে পৌঁছানোর আগের ২১ দিনের মধ্যে কেনিয়া কিংবা ইবোলা উপদ্রুত অন্যান্য দেশে অবস্থান করেছিলেন; এমন ভ্রমণকারীদের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা সমানভাবে প্রযোজ্য হবে। ইবোলা প্রাদুর্ভাবের ঝুঁকিতে থাকা দেশগুলো থেকে আসা ভ্রমণকারীদের বিষয়ে ২০১৯ সালের জুলাইয়ে প্রথম এমন পদক্ষেপ নিয়েছিল দেশটি।

এর আগে ইবোলা নিয়ে উদ্বেগের কারণে ২০২৬ সালের জুনে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র, উগান্ডা ও দক্ষিণ সুদানে নিজেদের নাগরিকদের ভ্রমণে নিষেধাজ্ঞা দেয় সৌদি আরব। পাশাপাশি ওই দেশগুলো থেকে সৌদিতে প্রবেশেও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছিল।

সৌদির জনস্বাস্থ্য বিষয়ক কর্তৃপক্ষ ‘ওয়েগায়া’ জানিয়েছে, দেশটিতে সার্বিক স্বাস্থ্য পরিস্থিতি এখনও স্থিতিশীল রয়েছে। সৌদি আরবের ভেতরের ও বাইরের সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় রেখে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে মহামারির গতিপ্রকৃতির ওপর নজর রাখা হচ্ছে।

—জা.অর্থনীতি/আরএস