দেশজুড়ে নানা আয়োজনে নিরাপদ সড়ক দিবস পালন
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দেশের বিভিন্ন স্থানে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, রোড শো, আলোচনা সভা এবং দায়িত্বশীল চালকদের সম্মাননা স্মারক, সনদপত্র ও নগদ অর্থ প্রদান করা হয়।

বুধবার (২৮ অক্টোবর) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বক্তারা সড়ক দুর্ঘটনা রোধ, যানজট নিরসন ও সড়কে শৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করা সবার সম্মিলিত দায়িত্ব। এ জন্য বেপরোয়া গতিতে গাড়ি চালানো ও চলন্ত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার বন্ধ করা, ফিটনেসবিহীন ও অবৈধ যানবাহন চলাচল রোধ করা এবং সাধারণ পথচারী ও চালকদের কঠোরভাবে ট্রাফিক আইন মেনে চলতে হবে। দুর্ঘটনা কমিয়ে একটি নিরাপদ সড়ক গড়ে তুলতে সর্বস্তরের মানুষকে সচেতন হওয়ার তাগিদ দেওয়া হয়। এসব আয়োজনে জেলা ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা, বিআরটিএ-র প্রতিনিধি, পরিবহন মালিক ও শ্রমিক নেতৃবৃন্দসহ সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সড়কে দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন মেনে চলা এবং সর্বস্তরের মানুষের সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে নোয়াখালী, কুড়িগ্রাম, শেরপুর, লক্ষ্মীপুর ও মেহেরপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  

—জা. অর্থনীতি/এলএটি