নীলফামারী প্রতিনিধি: নীলফামারীতে জমি নিয়ে বিরোধের জেরে ছোট ভাই আবুল হোসেনের লাঠির আঘাতে বড় ভাই কেতাব উদ্দিন (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সোনারায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম শাহ্।
এর আগে সকালে উপজেলার সোনারায় ইউনিয়নের পাথরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত কেতাব উদ্দিন ওই গ্রামের মৃত ইছামুদ্দিনের বড় ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদ্রাসার জমি নিয়ে দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে আদালতে মামলা চলছিল। পরে আদালতের রায় কেতাব উদ্দিনের পক্ষে আসে। তবে বিরোধপূর্ণ জমিটি আবুল হোসেনের দখলে থাকায় সোমবার সকালে ওই জমিতে যান কেতাব উদ্দিন। এ সময় দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ হয়। এতে ছোট ভাই আবুল হোসেনের লাঠির আঘাতে গুরুতর আহত হন কেতাব উদ্দিন।
পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
—জা.অর্থনীতি/এনজে
