বিগ ব্যাশে দল পেলেন কাটার মাস্টার মুস্তাফিজ

স্পোর্টস ডেস্ক: বিদেশের ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে বাংলাদেশের প্রতিনিধিত্ব বাড়াতে যাচ্ছেন বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান। অস্ট্রেলিয়ার জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগের আসন্ন মৌসুমে মেলবোর্ন রেনেগেডসের হয়ে মাঠে নামবেন তিনি। এর ফলে একই আসরে বাংলাদেশের দুই ক্রিকেটারকে খেলতে দেখা যাবে।

বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে জানা গেছে, রবিবার (২৫ অক্টোবর) বিগ ব্যাশে খেলার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কাছে অনাপত্তিপত্র (এনওসি) চেয়েছেন মুস্তাফিজ। সবকিছু ঠিক থাকলে পুরো মৌসুমেই মেলবোর্ন রেনেগেডসের হয়ে খেলবেন এই বাঁহাতি পেসার।

মুস্তাফিজকে ছাড়পত্র দেওয়ার বিষয়ে বিসিবি ইতিবাচক অবস্থানে রয়েছে বলে জানা গেছে। ফলে বাংলাদেশের নতুন টুর্নামেন্টের টি-টোয়েন্টি সংস্করণে দেখা যাবে না তাকে। বিগ ব্যাশে খেলার কারণে দেশের ওই টুর্নামেন্টে তার অংশ নেওয়া হচ্ছে না।

এদিকে, আগের আসরের ধারাবাহিকতায় এবারও বিগ ব্যাশে খেলবেন লেগ স্পিনার রিশাদ হোসেন। হোবার্ট হারিকেন্সের হয়ে মাঠে নামবেন তিনি। আসন্ন আসরের পুরো মৌসুম খেলার কথা রয়েছে এই বাংলাদেশি স্পিনারেরও।

রিশাদ ও মুস্তাফিজ দুজনই পুরো মৌসুমে বিগ ব্যাশে ব্যস্ত থাকায় দেশের নতুন টুর্নামেন্টের টি-টোয়েন্টি সংস্করণে তাদের পাওয়া যাবে না। সবকিছু পরিকল্পনামতো এগোলে অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি লিগে বাংলাদেশের দুই ক্রিকেটারকে ভিন্ন দুটি দলের হয়ে খেলতে দেখা যাবে।

জা.অর্থনীতি/এসআই