ইতালিতে ১২ দফা ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক: ইতালির সিসিলি দ্বীপের আশপাশে ধারাবাহিক ভূকম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি বিবেচনায় উপকূলীয় এলাকায় সুনামি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি ভবন থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে।

শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে সিসিলি দ্বীপের কাছে সর্বোচ্চ ৫ মাত্রার ১২টি ভূকম্পন রেকর্ড করা হয়। এ ঘটনায় পালার্মো ও মেসিনা শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের বের করে আনা হয়। খবর দ্য ইন্ডিপেনডেন্ট ইউকের।

প্রতিবেদন অনুযায়ী, উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক করতে কমলা স্তরের সুনামি সতর্কতা জারি করা হয়। একই সঙ্গে সমুদ্রের কাছাকাছি চলাচলের ক্ষেত্রে সাবধানতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়। ভূকম্পনের পর সরকারি দপ্তরগুলোও খালি করা হয়।

সিসিলি দ্বীপের পশ্চিম উপকূলের ত্রাপানি শহরের একটি আদালত ভবন থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়েছে। এ ছাড়া সিসিলি ও মূল ইতালির মধ্যবর্তী লিপারি দ্বীপে শিক্ষার্থী এবং পৌরসভার কর্মীরাও বিভিন্ন ভবন ছেড়ে বাইরে চলে আসেন।

ভূকম্পনগুলোর উৎপত্তিস্থল ছিল সিসিলির উত্তর উপকূলে, পালার্মো শহর থেকে ৬০ মাইলেরও কম দূরে। পালার্মো ছাড়াও পাত্তি, লিকাটা, কাপো দ্যোরলান্দো ও কাম্পোফেলিচে দি রোক্কেলা শহরের বাসিন্দারা কম্পন অনুভব করার কথা জানিয়েছেন।

কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, ১২টি ভূকম্পনের মধ্যে ১১টির মাত্রাও ৩-এর বেশি ছিল। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) স্থানীয় সময় সকাল ১০টা ১৯ মিনিটে সিসিলির উত্তরে ১০ কিলোমিটার গভীরে ৫ দশমিক ৭ মাত্রার একটি ভূমিকম্প রেকর্ড করে।

জা.অর্থনীতি/এসআই