ক্যামেরায় ধরা পড়ল অদ্ভুত প্রাণী, ভিন্‌গ্রহী ভেবে আলোচনা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও মেক্সিকো সীমান্তবর্তী এলাকায় অদ্ভুত চেহারার এক প্রাণীকে ঘিরে কৌতূহল তৈরি হয়েছে। নজরদারি ক্যামেরায় ধারণ করা প্রাণীটির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর কেউ একে ভিন্‌গ্রহী, আবার কেউ জনপ্রিয় সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’-এর কাল্পনিক চরিত্র ডেমোগর্গনের সঙ্গে তুলনা করছেন।

ইউএফও অনুসন্ধানকারী ও সাংবাদিক খাইমে মাউসান জানিয়েছেন, এক বালকের কাছ থেকে প্রাণীটির বিষয়ে বর্ণনা শোনার পর বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়। ওই বালকের দাবি, প্রাণীটিকে একটি মুরগির মাথা ধরে গাছের দিকে পালিয়ে যেতে দেখেছিল সে।

ভিডিওতে প্রাণীটিকে চার পায়ে চলাফেরা করতে দেখা যায়। এর ত্বক বর্ণহীন, হাত-পা লম্বা এবং লেজও বেশ দীর্ঘ। মাউসানের দলের অনুমান, মাথা থেকে লেজ পর্যন্ত প্রাণীটির দৈর্ঘ্য প্রায় ছয় ফুট। এর মধ্যে লেজের দৈর্ঘ্য প্রায় তিন ফুট। প্রাণীটিকে দ্রুতগতিসম্পন্ন, বুদ্ধিমান ও কিছুটা মানুষের মতো দেখতে বলেও বর্ণনা করেছেন মাউসান।

তার ধারণা, প্রাণীটি ভিন্‌গ্রহ থেকে আসা কোনো সত্তা না-ও হতে পারে। অন্য কোনো মাত্রা থেকে আসা বুদ্ধিমান প্রাণী হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেননি তিনি। তবে এসব দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

মেক্সিকোর রিও গ্রান্ডে নদীর তীরবর্তী কৃষিপ্রধান জুয়ারেজ উপত্যকার বাসিন্দাদের অভিযোগ, প্রাণীটি মুরগি ও খরগোশ শিকার করেছে। তবে স্থানীয় বেসামরিক সুরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, এ ধরনের কোনো অভিযোগ নথিভুক্ত হয়নি।

‘নোটিশিয়াস২৬এলপাসো’ নামের একটি ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ভিডিওটি প্রকাশ করা হয়েছে। তবে ভিডিওটির সত্যতা যাচাই করেনি আনন্দবাজার ডট কম। ফলে প্রাণীটির প্রকৃত পরিচয় এখনো অজানা।

জা.অর্থনীতি/এসআই