কানাডায় ২০৯ বাংলাদেশির ভিসা আবেদন জালিয়াতির অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক: কানাডায় অভিবাসনসংক্রান্ত জালিয়াতির অভিযোগে পাঁচজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা হয়েছে। দেশটির সীমান্ত সেবা সংস্থার (সিবিএসএ) তদন্তে ২০৯ বাংলাদেশি নাগরিকের জন্য জমা দেওয়া ২৪৩টি অস্থায়ী ভিসার আবেদনে জাল নথি ও মিথ্যা তথ্য ব্যবহারের অভিযোগ উঠে এসেছে।

স্থানীয় সময় বৃহস্পতিবার (২২ অক্টোবর) কুইবেকের ভ্যালিফিল্ড আদালতে অভিযুক্তদের চারজন হাজির হন। অপর অভিযুক্ত মো. রাকিবুল হাসান বাংলাদেশে অবস্থান করছেন বলে জানা গেছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

অভিযুক্ত পাঁচজন হলেন রাসেল মির্জা, মোহাম্মদ আমিনুল ইসলাম, মো. মুদাসসার আলম ভূঁইয়া, কাজী নাফিজ আলম ও মো. রাকিবুল হাসান।

সিবিএসএর তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৩ জুলাই কুইবেকের মার্সিয়ারে একটি বাসায় তদারকিমূলক অভিযান চালানোর সময় অভিবাসন আইন লঙ্ঘনের সম্ভাব্য তথ্য পাওয়া যায়। ওই বছরের আগস্টে আনুষ্ঠানিক তদন্ত শুরু হয়। পরে ২০২৫ সালের ৩ জুন কুইবেক ও অন্টারিওর চারটি স্থানে তল্লাশি চালানো হয়। সেখান থেকে উদ্ধার করা নথি, কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম পরীক্ষা করে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়। তদন্তে ২৪৩টি আবেদনের মধ্যে ৭৯টি বিশেষভাবে পরীক্ষা করা হয়।

অভিযুক্তদের বিরুদ্ধে পরিকল্পিতভাবে কানাডায় প্রবেশে সহায়তা, ভিসার আবেদনে মিথ্যা তথ্য দেওয়া বা গুরুত্বপূর্ণ তথ্য গোপনে সহযোগিতা এবং অভিবাসন আইন লঙ্ঘনে সহায়তার অভিযোগ রয়েছে।

তবে আদালতে এখনো এসব অভিযোগ প্রমাণিত হয়নি। সংশ্লিষ্ট সব আবেদনকারীও জালিয়াতিতে জড়িত-এমন সিদ্ধান্তে পৌঁছানোর সুযোগ নেই।

জা.অর্থনীতি/এসআই