জাতীয় অর্থনীতি স্পোর্টস: রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিপক্ষে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে ব্যাট হাতে তাণ্ডব চালিয়ে ইতিহাস গড়লেন ইংলিশ অধিনায়ক হ্যারি ব্রুক। ২১টি চার ও ১০টি ছক্কার সাহায্যে মাত্র ১১৬ বলে ২০২ রানের বিধ্বংসী এক ইনিংস খেলে রেকর্ড বই ওলট-পালট করে দিয়েছেন তিনি।
ম্যাচে মাত্র ১১৪ বলে ডাবল সেঞ্চুরি স্পর্শ করে ওয়ানডে ইতিহাসের দ্রুততম দ্বিশতকের রেকর্ডটি নিজের নামে লেখান ব্রুক। এর মাধ্যমে মাত্র ২২ দিন আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুবমান গিলের করা ১১৭ বলে ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ডটি ভেঙে দিলেন তিনি। সেই সঙ্গে ইংল্যান্ডের প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি করার অবিস্মরণীয় কীর্তি অর্জন করলেন এই তারকা। অধিনায়ক হিসেবেও এটি ইংলিশদের পক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ।
এছাড়া ক্রিস গেইলের পর বিশ্ব ইতিহাসের দ্বিতীয় ব্যাটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে টেস্টে ট্রিপল সেঞ্চুরি, ওয়ানডেতে ডাবল সেঞ্চুরি এবং টি-টোয়েন্টিতে সেঞ্চুরি করার বিরল নজির গড়লেন তিনি। বাউন্ডারি থেকেই ১৪৪ রান তুলে ইংলিশ রেকর্ড গড়েন ব্রুক। তার এই মহাপ্রলয়ে ভর করে ইংল্যান্ড ৫০ ওভারে ৪ উইকেটে ৪২৯ রানের পাহাড়সম সংগ্রহ দাঁড় করায়। এটি পাকিস্তানের মাটিতে যেকোনো দলের জন্য সর্বোচ্চ। ৪৩০ রান অর্জন করতে নেমে লঙ্কানরা এখন অলৌকিক কিছুর পথ চেয়ে আছে।
জা. অর্থনীতি/এআর