ক্রীড়া প্রতিবেদক: ফাইনালের দরজা এখনও বন্ধ হয়নি বাংলাদেশের জন্য। তবে সেই দরজা খুলতে আজ আফগানিস্তানের বিপক্ষে কঠিন এক পরীক্ষায় নামতে হবে লাল-সবুজের প্রতিনিধিদের। সংযুক্ত আরব আমিরাতে চলমান ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও আফগানিস্তান। ফাইনালে জায়গা করে নিতে হলে শুধু জয়ই যথেষ্ট নয়, জয়ের ব্যবধান কিংবা রান তাড়ার গতিও হতে হবে হিসাবমতো। আজ বাংলাদেশের সামনে প্রতিপক্ষ আফগানিস্তান, আর অদৃশ্য প্রতিপক্ষ নেট রান রেট।
শুরুতে বাংলাদেশের ফাইনালের পথটা এতটা কঠিন হওয়ার কথা ছিল না। কিন্তু টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচেই জিম্বাবুয়ের কাছে ৯৯ রানের বড় ব্যবধানে হেরে বিপাকে পড়ে দল। ২৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ১৭২ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। সেই পরাজয়ে নেট রান রেট নেমে আসে -১.৯৮০-এ। এর পর জিম্বাবুয়ের বিপক্ষে আফগানিস্তানের জয়ই হয়ে ওঠে বাংলাদেশের ফাইনালে ওঠার সমীকরণের সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা!
সোমবার আবুধাবিতে জিম্বাবুয়েকে ১৫৮ রানে হারিয়ে ফাইনালের পথে অনেকটাই এগিয়ে গেছে আফগানিস্তান। আগে ব্যাট করে ২৯৪ রান সংগ্রহ করে তারা। সেদিকুল্লাহ আতাল খেলেন ১১০ বলে ১০২ রানের দুর্দান্ত ইনিংস। ইব্রাহিম জাদরানও করেন ৯০ রান। জবাবে জিম্বাবুয়ে গুটিয়ে যায় মাত্র ১৩৬ রানে। শেষ পাঁচ উইকেট হারাতে তাদের লাগে মাত্র ৫.২ ওভার, রান যোগ হয় ৩৫। বল হাতে ১৭ রান দিয়ে চার উইকেট নিয়ে জিম্বাবুয়ের ব্যাটিং ধস ত্বরান্বিত করেন রশিদ খান।
জিম্বাবুয়ের এই পরাজয়ে তাদের নেট রান রেট দাঁড়িয়েছে -০.৫৯০-এ। ফলে বাংলাদেশের সামনে আবারও তৈরি হয়েছে ফাইনালে যাওয়ার সুযোগ। তবে নেট রান রেটে জিম্বাবুয়ের চেয়ে এখনও পিছিয়ে আছে বাংলাদেশ। এই ব্যবধান ঘোচাতে আজ আফগানিস্তানের বিপক্ষে বড় জয় ছাড়া বিকল্প নেই বললেই চলে।
সমীকরণ অনুযায়ী, বাংলাদেশ আগে ব্যাটিং করলে অন্তত ৪১ রানের ব্যবধানে জিততে হবে। আর আফগানিস্তান আগে ব্যাট করে ২৫০ রানের লক্ষ্য দিলে বাংলাদেশকে তা ৪১ দশমিক ৩ ওভারের মধ্যে তাড়া করতে হবে। লক্ষ্য ২০০ রান হলে ৪০.২ ওভার এবং ২২০ রান হলে ৪০.৫ ওভারের মধ্যে জিততে হবে। ২৪০ রানের লক্ষ্য তাড়া করতে হবে ৪১.১ ওভারের মধ্যে। টসের ফলের ওপর নির্ভর করে বাংলাদেশের সামনে অপেক্ষা করছে ভিন্ন ভিন্ন সমীকরণ।
কাগজে-কলমে সুযোগ থাকলেও মাঠের লড়াইয়ে কাজটা সহজ হবে না। আফগানিস্তানের বোলিং আক্রমণে রয়েছেন রশিদ খানের মতো বিশ্বমানের স্পিনার। জিম্বাবুয়ের বিপক্ষে তার চার উইকেটের পারফরম্যান্সই বলে দিচ্ছে, আজ বাংলাদেশের ব্যাটারদের জন্য অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। অন্যদিকে প্রথম ম্যাচে ব্যাটিং বিপর্যয়ের পর বাংলাদেশের ব্যাটারদেরও নিজেদের সামর্থ্যের প্রমাণ দিতে হবে। বড় ব্যবধানে জিততে হলে শুরু থেকেই রান তোলার গতি ধরে রাখার পাশাপাশি উইকেটও আগলে রাখতে হবে।
বাংলাদেশের জন্য তাই আজকের ম্যাচটি কেবল আরেকটি গ্রুপ পর্বের লড়াই নয়, বরং টুর্নামেন্টে টিকে থাকার শেষ সুযোগ। আফগানিস্তান জিতলে ফাইনালে তাদের সঙ্গী হবে জিম্বাবুয়ে। আর বাংলাদেশ জিতলে খুলবে নেট রান রেটের হিসাব মেলানোর পথ। তিন দলের এই প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হবে ২৩ অক্টোবর। সেই ফাইনালে খেলার স্বপ্ন নিয়েই আজ মাঠে নামবে বাংলাদেশ। এখন দেখার বিষয়, জিম্বাবুয়ের হারে পাওয়া সুযোগ কাজে লাগিয়ে কঠিন সমীকরণ মিলিয়ে দিতে পারে কি না টাইগাররা!