দলকে বিব্রত না করতেই  পদত্যাগের সিদ্ধান্ত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: অস্ত্র হাতে মাদকবিরোধী অভিযানে অংশ নেওয়ার ভিডিও নিয়ে বিতর্কের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন ইশরাক হোসেন। তিনি বলেছেন, তার কারণে বিএনপি বা সরকার যাতে বিব্রত না হয় এবং প্রধানমন্ত্রীর কাজ আড়ালে পড়ে না যায়, সে জন্যই এ সিদ্ধান্ত নিয়েছেন।

গতকাল সোমবার জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে ইশরাক জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে আলোচনা করেই তিনি দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তবে মাদকবিরোধী কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতি চেয়েছেন এবং প্রধানমন্ত্রী তাতে সম্মতি দিয়েছেন বলে দাবি করেন তিনি।

ইশরাকের ভাষ্য, গত ১৭ অক্টোবর রাজধানীর গেণ্ডারিয়ার ঘুণ্টিঘর এলাকায় মাদকবিরোধী অভিযান সমন্বয়ের সময় নিজের নিরাপত্তার জন্য বৈধ আগ্নেয়াস্ত্র হাতে নিয়েছিলেন। তার দাবি, স্থানীয় বাসিন্দাদের অভিযোগের ভিত্তিতে পুলিশ ও এলাকাবাসীকে নিয়ে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার উদ্যোগের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।

ইশরাক জানান, অভিযানে মাদক, দেশীয় অস্ত্র ও ছিনতাই হওয়া মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে এবং ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। কাউকে নিজের হাতে শাস্তি দেওয়া নয়, বরং আইন অনুযায়ী বিচারের মুখোমুখি করাই ছিল তাদের উদ্দেশ্য। অস্ত্রটি কাউকে ভয় দেখানো বা হুমকি দেওয়ার জন্য ব্যবহার করেননি বলেও দাবি করেন তিনি।

অস্ত্র হাতে অভিযানের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ঘটনাটি নিয়ে বিতর্ক তৈরি হয়। এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের প্রধান শফিকুল ইসলাম জানান, ঘটনাটি পর্যালোচনা করে আইনের ব্যত্যয় পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রোববার রাতে কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিমন্ত্রী ইশরাককে পদত্যাগের নির্দেশ দিয়েছেন। এরপর গতকাল সোমবার দুপুরে কয়েকশ’ নেতাকর্মীকে সঙ্গে নিয়ে জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে প্রতিমন্ত্রীর দায়িত্ব ছাড়ার ঘোষণা দেন ইশরাক।

ইশরাক বলেন, প্রতিমন্ত্রীর দায়িত্ব ছাড়লেও মাদকবিরোধী অভিযান চালিয়ে যাবেন। মাদকের মূল সরবরাহকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনার ওপর গুরুত্ব দেন তিনি। ভবিষ্যতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে নির্বাচন প্রসঙ্গে ইশরাক বলেন, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বিএনপি; দল মনোনয়ন দিলে তিনি প্রস্তুত, অন্য কাউকে মনোনয়ন দিলেও তার পক্ষে কাজ করবেন।