অনলাইন ডেস্ক: শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে আজ মঙ্গলবার থেকে টানা পাঁচদিন দেশের ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও শেয়ারবাজারে নিয়মিত কার্যক্রম বন্ধ থাকছে। আগামী রবিবার থেকে স্বাভাবিক ব্যাংকিং কার্যক্রম চালু হওয়ার কথা রয়েছে।
বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপন অনুযায়ী, দুর্গাপূজা উপলক্ষে ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ছুটি ঘোষণা করা হয়েছে। এরপর ২৩ ও ২৪ অক্টোবর যথাক্রমে শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় টানা পাঁচদিন ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।
ছুটির কারণে দেশের দুই শেয়ারবাজার-ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) এ সময়ে লেনদেন হবে না। ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকায় শেয়ারবাজারের নিয়মিত লেনদেনও স্থগিত থাকবে।
তবে এ সময়ে গ্রাহকদের জরুরি সেবা নিশ্চিত করতে এটিএম বুথের মাধ্যমে ব্যাংকিং সুবিধা চালু থাকবে। পাশাপাশি আমদানি-রপ্তানি কার্যক্রম সচল রাখার স্বার্থে সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকার ব্যাংক শাখা ও বুথে সীমিত পরিসরে ব্যাংকিং সেবা অব্যাহত থাকবে।
বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, বন্দর ও কাস্টমস এলাকায় প্রয়োজনীয় ব্যাংকিং কার্যক্রম চালু রাখতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোকে স্থানীয় প্রশাসন এবং বন্দর ও কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে ব্যবস্থা নিতে বলা হয়েছে।
এর আগে, দুর্গাপূজার ছুটির সমন্বয়ে গত শনিবার (১৭ অক্টোবর) ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান খোলা রাখা হয়েছিল। একই দিন সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিসও খোলা ছিল।
জা.অর্থনীতি/এসআই