নিজস্ব প্রতিবেদক, ঢাকা: ২০২৬ সালের আগস্টে বাংলাদেশিরা বিদেশে ক্রেডিট, ডেবিট ও প্রিপেইড কার্ডে মোট ৯৮৭ কোটি টাকা খরচ করেছেন। একই সময়ে বিদেশি নাগরিকেরা বাংলাদেশে কার্ডের মাধ্যমে খরচ করেছেন ২৪৯ কোটি টাকা। অর্থাৎ দেশে বিদেশিদের কার্ডে খরচের তুলনায় বিদেশে বাংলাদেশিরা কার্ডে খরচ করেছেন প্রায় চার গুণ বেশি।
বাংলাদেশ ব্যাংকের ‘কার্ড লেনদেন পরিসংখ্যান প্রতিবেদন (আগস্ট ২০২৬)’ থেকে এ তথ্য পাওয়া গেছে। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, আগস্টে বিদেশে বাংলাদেশিদের কার্ডে মোট ৮ কোটি ১৫ লাখ মার্কিন ডলারের সমপরিমাণ অর্থ খরচ হয়েছে। বিপরীতে বাংলাদেশে বিদেশি নাগরিকরা কার্ডে লেনদেন করেন ২ কোটি ২ লাখ ডলারের সমপরিমাণ। প্রতিবেদনে প্রতি ডলারের বিনিময় হার ১২৩ টাকা ১০ পয়সা ধরা হয়েছে।
ক্রেডিট কার্ডে খরচ বেশি
বিদেশে বাংলাদেশিদের কার্ড ব্যবহারের ক্ষেত্রে টাকার অঙ্কে সবচেয়ে বেশি খরচ হয়েছে ক্রেডিট কার্ডে। আগস্টে এ ধরনের কার্ডে ৫০৪ কোটি ৬০ লাখ টাকার সমপরিমাণ অর্থ খরচ হয়েছে। ডেবিট কার্ডে খরচ হয়েছে ৪২২ কোটি ১০ লাখ টাকা। আর প্রিপেইড কার্ডে খরচের পরিমাণ ছিল ৬০ কোটি ১০ লাখ টাকা।
তবে লেনদেনের সংখ্যায় এগিয়ে ছিল ডেবিট কার্ড। আগস্টে বিদেশে বাংলাদেশিরা ডেবিট কার্ডে ৮ লাখ ৫৭ হাজার ৩২০টি লেনদেন করেছেন। ক্রেডিট কার্ডে লেনদেনের সংখ্যা ছিল ৮ লাখ ২৩ হাজার ১৫০। প্রিপেইড কার্ডে লেনদেন হয়েছে ১ লাখ ৩৫ হাজার ৮৮৩টি। অর্থাৎ লেনদেনের সংখ্যায় ডেবিট কার্ড এগিয়ে থাকলেও মোট অর্থের পরিমাণে ক্রেডিট কার্ডের ব্যবহার বেশি ছিল।
সবচেয়ে বেশি খরচ যুক্তরাষ্ট্রে
দেশভিত্তিক হিসাবে আগস্টে বিদেশে বাংলাদেশিদের কার্ডে সবচেয়ে বেশি খরচ হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে খরচ হয় ১৫২ কোটি ২০ লাখ টাকা, যা বিদেশে বাংলাদেশিদের মোট কার্ড খরচের ১৫ দশমিক ৪৩ শতাংশ।
দ্বিতীয় অবস্থানে রয়েছে যুক্তরাজ্য। দেশটিতে খরচ হয়েছে ১১৪ কোটি ৮০ লাখ টাকা, যা মোট খরচের ১১ দশমিক ৬৩ শতাংশ। এরপর রয়েছে ভারত। দেশটিতে খরচ হয়েছে ১০৬ কোটি ৯০ লাখ টাকা, যা মোট খরচের ১০ দশমিক ৮৩ শতাংশ।
এছাড়া থাইল্যান্ডে ৭৮ কোটি ১০ লাখ, আয়ারল্যান্ডে ৬০ কোটি ১০ লাখ, সিঙ্গাপুরে ৫৯ কোটি ৬০ লাখ, সৌদি আরবে ৫২ কোটি ১০ লাখ, চীনে ৫১ কোটি ২০ লাখ এবং মালয়েশিয়ায় ৪৯ কোটি ৯০ লাখ টাকা খরচ হয়েছে।
কার্ডের ধরন অনুযায়ী দেশভিত্তিক খরচেও পার্থক্য রয়েছে। ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি খরচ হয়েছে যুক্তরাষ্ট্রে, এরপর থাইল্যান্ড ও যুক্তরাজ্যে। ডেবিট কার্ডে শীর্ষে যুক্তরাজ্য, এরপর যুক্তরাষ্ট্র ও ভারত। অন্যদিকে প্রিপেইড কার্ডে সবচেয়ে বেশি খরচ হয়েছে ভারতে, এরপর যুক্তরাষ্ট্র ও সৌদি আরবে।
খরচের বড় অংশ কেনাকাটা ও সেবায়
বিদেশে বাংলাদেশিদের কার্ড ব্যবহারের খাতভিত্তিক চিত্রে কেনাকাটা ও বিভিন্ন সেবায় খরচের প্রবণতা দেখা যায়। ক্রেডিট কার্ডে সবচেয়ে বেশি, ৩০ দশমিক ২৯ শতাংশ অর্থ খরচ হয়েছে ডিপার্টমেন্টাল স্টোরে। রিটেইল আউটলেটে খরচ হয়েছে ১৭ দশমিক ৮৯ শতাংশ। এছাড়া পরিবহনে ১২ দশমিক ০৯ শতাংশ, ফার্মেসিতে ১১ দশমিক ৮৬ শতাংশ এবং বিজনেস সার্ভিসে ৭ দশমিক ৫৪ শতাংশ খরচ হয়েছে।
ডেবিট কার্ডে সবচেয়ে বেশি খরচ হয়েছে ডিপার্টমেন্টাল স্টোরে, ২০ দশমিক ২৪ শতাংশ। সরকারি সেবায় খরচের হার ১৭ দশমিক ১২ শতাংশ এবং বিজনেস সার্ভিসে ১৩ দশমিক ৯৯ শতাংশ। এছাড়া এটিএম থেকে নগদ অর্থ উত্তোলনে ১২ দশমিক ৯২ শতাংশ এবং ফার্মেসিতে ১০ দশমিক ৬০ শতাংশ খরচ হয়েছে।
প্রিপেইড কার্ডে সরকারি সেবায় খরচের হার সবচেয়ে বেশি, ২০ দশমিক ৬০ শতাংশ। এটিএম থেকে নগদ উত্তোলনে খরচ হয়েছে ১৭ দশমিক ৫৩ শতাংশ। ডিপার্টমেন্টাল স্টোরে ১৬ দশমিক ৩৬ শতাংশ এবং বিজনেস সার্ভিসে ১৪ দশমিক ৩৯ শতাংশ খরচ হয়েছে।