সেনাবাহিনীর ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী
সাভার সেনানিবাসে প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: সেনাবাহিনীর সাতটি ইউনিটকে জাতীয় পতাকা প্রদান করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পেশাগত উৎকর্ষ অর্জনের পাশাপাশি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে যুদ্ধ ও শান্তিকালীন সময়ে বীরত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতিস্বরূপ এসব ইউনিটকে এ সম্মাননা দেওয়া হয়েছে।

রোববার (১৮ অক্টোবর) সকালে সাভার সেনানিবাসে ৯ম পদাতিক ডিভিশনের আয়োজনে জাতীয় পতাকা প্রদান অনুষ্ঠানে অংশ নেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে তিনি নির্বাচিত সাতটি ইউনিটের হাতে জাতীয় পতাকা তুলে দেন।

এবার জাতীয় পতাকাপ্রাপ্ত ইউনিটগুলো হলো-প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্ট, ৭ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ৩২ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি, ২৫ এডি রেজিমেন্ট, ৯ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন, ৫৬ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট এবং ৫৭ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট।

এর আগে সাভার সেনানিবাসে পৌঁছালে প্রধানমন্ত্রীকে সশস্ত্র সালাম জানানো হয়। পরে তিনি আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা প্রদান কর্মসূচিতে অংশ নেন।

এ সময় অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান উপস্থিত ছিলেন। 

প্রধানমন্ত্রীর সাভার সফরকে কেন্দ্র করে ঢাকা-আরিচা মহাসড়কসহ আশপাশের গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। এ সময় সড়কের দুই পাশে দাঁড়িয়ে হাত নেড়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান স্থানীয় বাসিন্দারা।

—জা. অর্থনীতি/এএইচএ