হেনস্থার শিকার অভিনেত্রী আকাঙ্ক্ষা চৌধুরী

জাতীয় অর্থনীতি বিনোদন: নবরাত্রির অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে ভারতের পুনেতে চরম বিশৃঙ্খলা ও নিরাপত্তার অভাবের মুখে পড়েছেন অভিনেত্রী ও রিয়েলিটি শো তারকা আকাঙ্ক্ষা চৌধুরী। আয়োজকদের চরম অব্যবস্থাপনা, দুর্ব্যবহার এবং পারিশ্রমিক না দেওয়ার অভিযোগ এনে জড়িতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তিনি। 

দ্য সিয়াসাত ডেইলি’র খবর অনুযায়ী আকাঙ্ক্ষার অভিযোগ, প্রচারণায় তার ছবি ব্যবহার করা হলেও নির্ধারিত সময়ে তাকে নেওয়ার মতো কোনো ব্যবস্থা করা হয়নি। রাত সাড়ে ১০টায় অনুষ্ঠান শেষের মুহূর্তে তাকে চরম অনিরাপত্তার মধ্যে ভেন্যুতে নেওয়া হয়। এমনকি তাকে দল থেকে আলাদা করে একটি গাড়িতে উঠতে বাধ্য করা হয় এবং তার নিরাপত্তা উদ্বেগকে তোয়াক্কাই করা হয়নি। সুরক্ষার বিষয়ে জানতে চাইলে অপেশাদার আয়োজক তা নিয়ে উপহাস করে বলে দাবি করেন তিনি। 

পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের তিক্ত অভিজ্ঞতার কথা জানিয়ে একটি পোস্ট দেন এই অভিনেত্রী। তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, ভক্তদের কথা ভেবেই তিনি শেষ পর্যন্ত সব প্রতিকূলতা সামলে অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন। শিল্পীদের সম্মান ক্ষুণ্ণ ও নিরাপত্তাহীনতায় ফেলার এই ঘটনার বিচার চেয়ে খুব শিগগিরই পুলিশের দ্বারস্থ হওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।

জা. অর্থনীতি/এআর