সুমন মিয়া, সোনারগাঁ (নারায়ণগঞ্জ): নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত ঐতিহাসিক পানামনগর সাপ্তাহিক ছুটিতে গতকাল শুক্রবার পর্যটক ও দর্শনার্থীদের পদচারণায় প্রাণবন্ত হয়ে ওঠে। প্রাচীন বাংলার ইতিহাস, ঐতিহ্য ও স্থাপত্যশৈলী কাছ থেকে দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন নানা বয়সি মানুষ। কেউ আসেন পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে আবার কেউ আসেন ইতিহাসের নানান অধ্যায়ের খোঁজে।
শিক্ষা প্রতিষ্ঠানে পূজার ছুটির প্রথম দিন গতকাল শুক্রবার পানামনগরে ঘুরতে আসা মানুষের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। ঐতিহাসিক ভবনগুলোর সামনে ছবি তোলা, পুরোনো স্থাপত্য ঘুরে দেখা এবং নগরীর অতীত ইতিহাস জানার মধ্য দিয়ে সময় কাটান দর্শনার্থীরা।
পানামনগরের প্রাচীন ভবন, অলংকৃত দরজা-জানালা, দৃষ্টিনন্দন কারুকাজ ও সরু সড়ক দর্শনার্থীদের বিশেষভাবে আকৃষ্ট করে। সময়ের সাক্ষী হয়ে দাঁড়িয়ে থাকা এসব স্থাপনা একসময়ের সমৃদ্ধ নগরজীবন ও বাণিজ্যিক ঐতিহ্যের স্মৃতি বহন করছে। প্রতিটি ভবনের গড়ন ও নির্মাণশৈলী যেন অতীতের একেকটি অধ্যায় সামনে তুলে ধরে।
কুমিল্লা থেকে পরিবার নিয়ে ঘুরতে আসা আফসানা বলেন, ছুটির দিনে পানামনগর ঘুরে দেখা অন্যরকম অভিজ্ঞতা। এখানকার পুরোনো ভবন ও স্থাপত্য দেখলে ইতিহাসের সঙ্গে এক ধরনের সংযোগ তৈরি হয়। ব্যস্ত জীবনের বাইরে পরিবার নিয়ে সময় কাটানোর জন্যও জায়গাটি বেশ ভালো।
দর্শনার্থী শিশু রাফি বলে, পানামনগর ঘুরে আমার খুব ভালো লেগেছে। পুরোনো বাড়িগুলো দেখতে খুব সুন্দর।
দর্শনার্থী নাজমা আক্তার বলেন, পানামনগরের প্রাচীন স্থাপত্য ও ঐতিহাসিক পরিবেশ সত্যিই মুগ্ধ করার মতো। এখানে এসে ইতিহাসকে কাছ থেকে অনুভব করেছি।
পানামনগরের সহকারী কাস্টোডিয়ান তানজিলুর রহমান বলেন, সাপ্তাহিক ছুটির দিনে পানামনগরে দর্শনার্থীদের উপস্থিতি বাড়ে।