অনলাইন ডেস্ক: সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় ঢাকা থেকে দেশটিতে যাতায়াত ব্যাহত হচ্ছে। ফ্লাইট বাতিল ও স্থগিত হওয়ায় বিপাকে পড়েছেন হাজারো বাংলাদেশি প্রবাসী। তাদের কেউ চাকরি হারানোর আশঙ্কায় রয়েছেন, আবার কারও ভিসা এবং কাজ ও বসবাসের অনুমতির মেয়াদ শেষ হওয়ার উদ্বেগ দেখা দিয়েছে।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) তথ্য অনুযায়ী, শনিবার থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত ঢাকা থেকে সৌদিগামী বিভিন্ন এয়ারলাইন্সের ৬১টি ফ্লাইট বাতিল বা স্থগিত করা হয়েছে। এর মধ্যে সৌদি আরবের সঙ্গে সরাসরি চলাচলকারী ২২টি এবং ট্রানজিটের ৩৯টি ফ্লাইট রয়েছে। এসব ফ্লাইটের কারণে ৮ হাজার ৩৮১ জন যাত্রী গন্তব্যে যেতে পারেননি।
রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট স্থগিত করেছে। অন্যদিকে, ইউএস-বাংলা এয়ারলাইন্স ২১ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ-ঢাকা রুটের সব ফ্লাইট বাতিল করেছে। নতুন সময়সূচি নির্ধারিত হলে যাত্রীদের জানানো হবে।
যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের বিক্রয়কেন্দ্র বা ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
এদিকে, সৌদি আরবে ইয়েমেনের হুতি গোষ্ঠীর হামলার প্রেক্ষাপটে বাংলাদেশ দূতাবাস প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে। দূতাবাসের বিজ্ঞপ্তিতে ঝুঁকিপূর্ণ ও জনবহুল স্থান এড়িয়ে চলতে বলা হয়েছে।
জা.অর্থনীতি/এসআই