নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে এক্স সিরিজের নতুন দুই স্মার্টফোন ‘অনার এক্স৭ই’ ও ‘অনার এক্স৬ই’ উন্মোচন করেছে প্রযুক্তি ব্র্যান্ড অনার। বিশ্বজুড়ে স্মার্টফোনের দাম বাড়ার মধ্যেও সাশ্রয়ী মূল্যে দীর্ঘস্থায়ী ব্যাটারি, ১২০ হার্টজের মসৃণ ডিসপ্লে এবং এআই প্রযুক্তির উন্নত অভিজ্ঞতা দিতে মডেল দুটি এনেছে প্রতিষ্ঠানটি।
এর মধ্যে ৬ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের ‘অনার এক্স৭ই’ মডেলটির দাম ধরা হয়েছে ২৭,৯৯৯ টাকা। আর ৪ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজ সংস্করণের ‘অনার এক্স৬ই’ পাওয়া যাবে ২৩,৯৯৯ টাকায়।
অনার এক্স৭ই মডেলে দেওয়া হয়েছে একটি ডেডিকেটেড এআই বাটন, যার মাধ্যমে গুগল জেমিনি, ম্যাজিক পোর্টাল ও সার্কেল টু সার্চের মতো স্মার্ট ফিচারগুলো এক ক্লিকেই ব্যবহার করা যাবে। দুটি ফোনেই রয়েছে ৬.৬১ ইঞ্চির ১২০ হার্টজ রিফ্রেশ রেটযুক্ত ডিসপ্লে, যা ইন্টারনেট ব্রাউজিং, ভিডিও দেখা বা গেম খেলার অভিজ্ঞতাকে করে তুলবে দুর্দান্ত।
দুটি মডেলেই ব্যবহার করা হয়েছে ৭,৫০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা, যা দীর্ঘ সময় চার্জের দুশ্চিন্তা ছাড়া ফোন ব্যবহারের স্বাধীনতা দেবে। ছবি তোলার জন্য থাকছে ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা সেন্সর। হাত থেকে পড়ে যাওয়া থেকে সুরক্ষায় ফোন দুটি পেয়েছে এসজিএসের ‘ফাইভ স্টার ড্রপ প্রটেকশন’ সনদ। এছাড়া ধুলোবালি ও পানির ঝাপটা সামলাতে রয়েছে আইপি৬৪ রেটিং।
ফোনগুলোতে প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৮১ আলট্রা চিপসেট এবং এগুলো পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৬ ভিত্তিক ম্যাজিক ওএস ১০ অপারেটিং সিস্টেমে।
অনার বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ল্যাং গুও জানান, আন্তর্জাতিক বাজারে দাম বাড়লেও সাশ্রয়ী বাজেটে দীর্ঘস্থায়ী পারফরম্যান্স ও আধুনিক প্রযুক্তি গ্রাহকদের হাতে তুলে দিতেই এই মডেল দুটি বাংলাদেশে উন্মোচন করা হয়েছে। অনার এক্স৭ই সানরাইজ অরেঞ্জ, লাইট ব্লু ও মিডনাইট ব্ল্যাক রঙে এবং এক্স৬ই মডেলটি সানরাইজ গোল্ড ও মিডনাইট ব্ল্যাক রঙে বাজারে মিলবে।