বিনোদন প্রতিবেদক: অভিনেত্রী হিসেবে ব্যাপক পরিচিতি থাকলেও কুসুম শিকদারের শিল্পী সত্তার শুরুটা হয়েছিল গান দিয়েই। মাঝে অভিনয়ে ব্যস্ত হয়ে পড়লেও গান থেকে দূরে সরে যাননি তিনি। ভক্তদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে দীর্ঘ ৯ বছর পর এবার তিনি নিয়ে এলেন নতুন গান ‘প্রবল ঘোর’। গত ৯ অক্টোবর বিকালে গানটির মিউজিক ভিডিও অভিনেত্রীর অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে প্রকাশিত হয়েছে।
‘প্রবল ঘোর’ শিরোনামের এই গানটির কথা লিখেছেন কুসুম শিকদার নিজেই। এর সুর ও সংগীত পরিচালনা করেছেন মাহমুদ সানি এবং মিউজিক ভিডিও নির্মাণ করেছেন নকুল সরকার। ভিডিওতে কুসুম শিকদারের পাশাপাশি মডেল হিসেবে অভিনয় করেছেন শাহ রাসেল।
এর আগে ২০১৭ সালে কুসুম শিকদারের ‘নেশা’ শিরোনামের একটি গান বেশ আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছিল। দীর্ঘ বিরতির পর নতুন এই গানটি প্রসঙ্গে কুসুম জানান, করোনা মহামারির শুরুর দিকে তিনি গানটি লিখেছিলেন। পরে রেকর্ডিং সম্পন্ন হলেও মিউজিক ভিডিওর কাজের অপেক্ষায় ঝুলে ছিল প্রকাশনা। অবশেষে চলতি বছরের জুনে কক্সবাজারে গানের ভিডিওর শুটিং সম্পন্ন হয়।
নতুন গান নিয়ে এই শিল্পী ও অভিনেত্রী বলেন, ‘এর মাঝে সিনেমা বানিয়েছি। এটা তো বড় কাজ, অনেকটা সময় লেগে গিয়েছিল। ফলে চাইলেও গানটির কাজ শেষ করতে পারছিলাম না। তবে দর্শক মাঝে মাঝেই আমার নতুন গানের কথা জিজ্ঞেস করেন। তাদের আবদার আর তাড়না থেকেই এবার প্রকাশ করলাম।’
উল্লেখ্য, পরিচালনার খাতেও মুন্সিয়ানা দেখিয়েছেন কুসুম শিকদার। ‘শরতের জবা’ সিনেমা দিয়ে নির্মাতা হিসেবে তার অভিষেক হয়েছে, যা দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছিল। বর্তমানে তিনি তার দ্বিতীয় সিনেমার কাজ গুছিয়ে আনছেন। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের শুরুর দিকেই নতুন এই চলচ্চিত্রের শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে তার।