জাতীয় অর্থনীতি ডেস্ক:
আবাসন সংকট নিয়ে দেশজুড়ে চলেছ বিক্ষোভ! এর মধ্যেই কেন আগাম নির্বাচনের ঘোষণা দিলেন স্পেনের প্রধানমন্ত্রী? ভাড়া বাড়ায় ৮৭ বছর বয়সী এক নারীর উচ্ছেদের ঘটনা পরিণত হয়েছে প্রতিবাদের প্রতীকে। রাজধানী মাদ্রিদসহ দেশের বিভিন্ন এলাকায় চলছে আবাসন সংকটের বিক্ষোভ। এই পরিস্থিতির মধ্যেই ২৯ নভেম্বর আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন পেদ্রো সানচেজ।
সোমবার (৫ অক্টোবর) মাদ্রিদে সরকারি বাসভবন মনক্লোয়ায় টেলিভিশনে স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ এর দেওয়া ভাষণে তিনি সংসদ ভেঙে সাধারণ নির্বাচন আয়োজনের সিদ্ধান্তের কথা জানান।
এর মধ্য দিয়ে বর্তমান সংসদের মেয়াদ নির্ধারিত সময়ের ছয় মাসেরও বেশি আগে শেষ হবে। আবাসন সংকট মোকাবিলায় গত সপ্তাহে সানচেজের সরকার দুটি আইন প্রস্তাব করেছিল। তবে, ডানপন্থী দলগুলো সেগুলো সংসদে আটকে দেয়।
আবাসন সংকটের প্রতীক হয়ে ওঠা ৮৭ বছর বয়সী মারিয়া দেল কারমেন আবাসকাল বা মারিকারমেনের উচ্ছেদের ঘটনা পরিস্থিতিকে আরও আলোচনায় আনে। ৭০ বছরের বেশি সময় একই বাড়িতে থাকার পর ৫০০ ইউরোর ভাড়া বেড়ে ২ হাজার ৬৫০ ইউরো হওয়ায় তাকে উচ্ছেদ করা হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে হাজার হাজার মানুষ রাস্তায় নামেন।
এক সপ্তাহেরও বেশি সময় ধরে শত শত মানুষ মাদ্রিদের কেন্দ্রীয় পুয়ের্তা দেল সল এলাকায় অবস্থান করছেন। দেশের অন্যান্য স্থানেও বিক্ষোভ হয়েছে। বিক্ষোভ আয়োজনের সঙ্গে যুক্ত মাদ্রিদ টেন্যান্টস ইউনিয়নের দাবি, গত শনিবার (৩ অক্টোবর) দেশজুড়ে প্রায় ৯ লাখ ৫০ হাজার মানুষ বিক্ষোভে অংশ নিয়েছেন।
তবে, সানচেজের সামনে রাজনৈতিক চ্যালেঞ্জও রয়েছে। তার সোশ্যালিস্ট পিএসওই পার্টি এ বছর আঞ্চলিক নির্বাচনে কয়েকটি ধাক্কা খেয়েছে। ঘনিষ্ঠ সহযোগীদের ঘিরে দুর্নীতির কেলেঙ্কারিও দলের ভাবমূর্তিতে প্রভাব ফেলেছে। জনমত জরিপে আবাসন সংস্কারের বিরোধিতা করা রক্ষণশীল পপুলার পার্টি এগিয়ে রয়েছে। সানচেজ বলেন, নতুন করে জনসমর্থন অর্জন করে সংসদে আরও বড় প্রগতিশীল সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন। একইসঙ্গে তিনি সরকারের কিছু ভুলের কথাও স্বীকার করেন।
আবাসন সংকটের মধ্যেই আগাম নির্বাচন?
স্পেনে আবাসন সংকট নিয়ে দেশজুড়ে চলমান বিক্ষোভের মধ্যে আগামী ২৯ নভেম্বর আগাম নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ! ৮৭ বছর বয়সী মারিকারমেনের ৫০০ ইউরোর ভাড়া বেড়ে ২ হাজার ৬৫০ ইউরো হওয়ায় উচ্ছেদের ঘটনা বিক্ষোভের প্রতীকে পরিণত হয়েছে। মাদ্রিদের পুয়ের্তা দেল সলসহ বিভিন্ন এলাকায় চলছে প্রতিবাদ। এর মধ্যেই সানচেজের দল পিএসওইর আঞ্চলিক নির্বাচনে ধাক্কা ও দুর্নীতির কেলেঙ্কারি রাজনৈতিক চাপ আরও বাড়িয়েছে।
—জা. অর্থনীতি/এলএটি