জাতীয় অর্থনীতি সারাবাংলা: পরিবেশদূষণ কমানো, বিদ্যুতের সাশ্রয়ী ব্যবহার নিশ্চিত করা এবং ইজিবাইকচালকদের আয় বাড়ানোর লক্ষ্যে প্রচলিত সিসা-অ্যাসিড ব্যাটারির বদলে লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহারের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।
শুক্রবার (৯ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় যশোরের সিসিটিএসের সম্মেলনকক্ষে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) যশোর জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, "লিথিয়াম-আয়ন প্রযুক্তির ব্যবহার সম্প্রসারণ করা গেলে একবার চার্জেই একটি ইজিবাইক ৮০ থেকে ১০০ কিলোমিটার পর্যন্ত চলতে পারবে। এতে চার্জিং খরচ ও সময় কমে চালকদের দৈনিক আয় প্রায় ২০০ টাকা পর্যন্ত বাড়ার সুযোগ তৈরি হবে। বর্তমানে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো) রাজধানীর উত্তরখানে পরীক্ষামূলকভাবে এ প্রকল্প চালু করে নতুন প্রযুক্তির ব্যবহারিক সুবিধা ও সম্ভাবনা যাচাই করছে।"
পরীক্ষামূলক উদ্যোগের সাফল্যের ভিত্তিতে পর্যায়ক্রমে সারাদেশে এ প্রযুক্তি প্রসারের পরিকল্পনা রয়েছে জানিয়ে তিনি আরও বলেন, দেশের শহর ও শহরতলির স্বল্প দূরত্বের যোগাযোগে ইজিবাইক অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে সিসা-অ্যাসিড ব্যাটারির সীমাবদ্ধতা কাটিয়ে লিথিয়াম-আয়ন ব্যাটারি যুক্ত করা গেলে কর্মঘণ্টার সঠিক ব্যবহারের পাশাপাশি সার্বিক জ্বালানি নিরাপত্তা ও পরিবেশসুরক্ষা নিশ্চিত হবে।
দেশের কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন প্রসঙ্গে কথা বলতে গিয়ে প্রতিমন্ত্রী জানান, সরকার আমদানি করা কয়লার ওপর নির্ভরতা কমিয়ে দেশের ভূগর্ভস্থ কয়লা ব্যবহারের সম্ভাবনা নিয়ে কাজ করছে। দেশীয় কয়লা উত্তোলনের ব্যয়, প্রযুক্তিগত সক্ষমতা, জ্বালানি নিরাপত্তা এবং সামগ্রিক পরিবেশগত প্রভাব গভীরভাবে মূল্যায়ন করে বিদ্যুৎ উৎপাদন ও পরিবেশ সুরক্ষার মধ্যে একটি টেকসই সমন্বয় ঘটানো হবে।
বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যশোর জেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনটির নেতা খন্দকার আজিজুল হক মনি। এতে অন্যদের মধ্যে বক্তব্য দেন বাপার কেন্দ্রীয় কমিটির নগর পরিকল্পনাবিদ ইকবাল আহমেদ, যশোর জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন এবং জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবুসহ স্থানীয় বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
—জা. অর্থনীতি/এলএটি