আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস তিন দিনের সফরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন। মঙ্গলবার (৬ অক্টোবর) দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় তার সফরের বিষয়টি নিশ্চিত করেছে। সফরকালে পাকিস্তানের শীর্ষ সরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এসব আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার উত্তেজনা এবং দুই দেশের মধ্যে মধ্যস্থতায় পাকিস্তানের ভূমিকা গুরুত্ব পেতে পারে।
পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক্স পোস্টে জানানো হয়, ভারপ্রাপ্ত পররাষ্ট্রসচিব নাবিল মুনির বিমানবন্দরে গুতেরেসকে স্বাগত জানান। পাকিস্তানে ৬ থেকে ৮ অক্টোবর অবস্থানকালে তিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দারের সঙ্গে বৈঠক করবেন।
জাতিসংঘের এক মুখপাত্র জানিয়েছেন, সফরের আলোচনায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে পাকিস্তানের কূটনৈতিক ও মধ্যস্থতামূলক প্রচেষ্টা উঠে আসতে পারে। একই সঙ্গে দুই দেশের মধ্যে সংলাপ এগিয়ে নিতে ইসলামাবাদের ভূমিকা নিয়েও আলোচনা হওয়ার সুযোগ রয়েছে।
ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে পাকিস্তান এর আগে দুই পক্ষের মধ্যে যোগাযোগ ও আলোচনার সুযোগ তৈরিতে কূটনৈতিক তৎপরতা চালিয়েছে। এ প্রক্রিয়ায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও ইসহাক দারও ভূমিকা রেখেছেন।
গুতেরেসের সফরে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি, শান্তি ও নিরাপত্তা এবং জাতিসংঘের সঙ্গে পাকিস্তানের সহযোগিতা নিয়েও আলোচনা হওয়ার কথা রয়েছে।
জা.অর্থনীতি/এসআই