ইয়েমেনে হুথিদের বিরুদ্ধে অভিযান, ৭০০ হুথি যোদ্ধা নিহতের দাবি

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনের রাজধানী সানা ও দেশটির বিভিন্ন এলাকায় হুথিদের অবস্থান লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও কামান দিয়ে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকার। এসব হামলায় অন্তত ৭০০ হুথি যোদ্ধা নিহত হয়েছে বলে দাবি করেছে সরকারি বাহিনী।

শনিবার (৩ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ইয়েমেনি বাহিনীর মুখপাত্র কর্নেল মাজেদ আবদুল্লাহ আল-নাজিলি জানিয়েছেন, হুথিদের অবস্থান, চলাচল ও সামরিক সক্ষমতা লক্ষ্য করে ২৫৭টি ‘নির্ভুল হামলা’ চালানো হয়েছে। এসব অভিযানে যুদ্ধবিমান, ড্রোন, কামান, ক্ষেপণাস্ত্র ও রকেট লঞ্চার ব্যবহার করা হয়।

আল-নাজিলির দাবি, হামলায় অন্তত ৭০০ হুথি যোদ্ধা নিহত হয়েছে। ধ্বংস করা হয়েছে ১৭০টি যুদ্ধযান ও ভারী সামরিক সরঞ্জামসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ও কৌশলগত সামরিক স্থাপনা। তবে সরকারি বাহিনীর কোনো সদস্য হতাহত হয়েছেন কি না, তা জানানো হয়নি।

ইয়েমেনের তাইজ শহর ও এর আশপাশে সবচেয়ে তীব্র লড়াই চলছে। শহরের পশ্চিমাঞ্চলে হুথিদের ব্যাপক গোলাবর্ষণের খবর পাওয়া গেছে। গোলাবর্ষণে ধুবাবের একটি আবাসিক এলাকায় এক শিশু নিহত হয়েছে বলে জানিয়েছেন আলজাজিরার প্রতিবেদক।

এদিকে সামা ফ্রন্টের পাহাড়ি এলাকায় হুথিদের অগ্রসর হওয়ার পর সরকারি বাহিনীর সঙ্গে তীব্র সংঘর্ষ চলছে। স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, সামা এলাকা থেকে বিপুলসংখ্যক বাসিন্দা চলে গেছেন।

জা.অর্থনীতি/এসআই