পাকুন্দিয়ায় পুকুরের ডুবে দুই বোনের মৃত্যু
ছবি: জাতীয় অর্থনীতি

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুকুরের পানিতে ডুবে নুসাইবা (২) ও আদিবা (৩) নামের দুই শিশু প্রাণ হারিয়েছে। নিহত দুই শিশু সম্পর্কে মামাতো-ফুফাতো বোন। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেন। 

শনিবার (৩ অক্টোবর) সকাল ৯টার দিকে পাকুন্দিয়া পৌরসভার আনোয়ারখালী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুসাইবা আনোয়ারখালী গ্রামের সিদ্দিক হোসেনের কন্যা এবং আদিবা পার্শ্ববর্তী হোসেনপুর উপজেলার শফিক হোসেনের কন্যা।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, আদিবার মা মরিয়ম বেগম একটি বেসরকারি ওষুধ কোম্পানিতে চাকরি করার সুবাদে মেয়েকে নিয়ে বেশিরভাগ সময় পাকুন্দিয়ার আনোয়ারখালী গ্রামে বাবার বাড়িতে অবস্থান করতেন। শনিবার সকালে ঘুম থেকে উঠে শিশু আদিবা তার মামাতো বোন নুসাইবার সাথে বাড়ির উঠান সংলগ্ন পুকুরপাড়ে খেলাধুলা করছিল। খেলার কোনো এক ফাঁকে অসাবধানতাবশত তারা দুজনই পুকুরের পানিতে পড়ে তলিয়ে যায়।

বেশ কিছু সময় ধরে শিশুদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরের পানি থেকে তাঁদের অচেতন অবস্থায় উদ্ধার করে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকই মৃত ঘোষণা করেন। একসঙ্গে দুই শিশুর আকস্মিক মৃত্যুতে পরিবার ও পুরো গ্রামজুড়ে চরম শোকের ছায়া নেমে এসেছে।

ওসি জানান, খবর পেয়ে পুলিশের একটি টিম তাৎক্ষণিক ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।  

—জা. অর্থনীতি/এলএটি